অদলবদল খেলা
শোনো মানুষ, একবার আসো অদলবদল খেলি
এবার তুমি গাছ হয়ে যাও ডালগুলো ঠিক মেলি,
আমিও নাহয় মানুষ হয়ে একটা জীবন কাটাই
তোমার মতো বারুদবুকে লোভের জিহ্বা সাজাই।
মানুষ তুমি গাছের মতো মাটি ফুঁড়ে দাঁড়াও
ফুলে ফলে নত হয়ে মায়ার হাতটা বাড়াও,
আমিও হাতে কুড়াল নেব তোমার জীবন পেলে
তোমার মূলে করব আঘাত মজায় হেসেখেলে।
সকল আঘাত সইতে পারবে বৃক্ষ হলে তুমি
যেমন আমি চুপটি করে ব্যথার চরণচুমি
ভাবছ তুমি বৃক্ষ হলে ছিঁড়বে কাটবে সবে
অযুত আঘাত বুকে নিয়ে কেমনে নীরব রবে?
বলছি শোনো, মানুষ তুমি সৃষ্টির সেরা প্রাণ
নিজ কলিজা ধরে তবু দিচ্ছ কেন টান?
অদলবদল না চাও যদি লোভের জিহ্বা কাটো,
গাছের সাথে ছায়ার মায়ায় যুগল জীবন হাঁটো।