প্রেম ফিরে যাও

অলংকরণ: তুলি

ভালোবাসা কেন এমন! কেন প্রেম আসে? সাধারণত যৌবনের শুরুতে প্রেম হয়। কচি বয়সে, নরম বয়সে। যে বয়স সবার পছন্দ। নারী-পুরুষ উভয়ের জীবনে প্রেম আসে। রিয়ার জীবনেও এসেছে একাধিকবার। তবে ওসব প্রেমে পড়েনি সে। পুরুষেরা জ্বালাবে, এটিই নিয়ম। রিয়াকে ভালো লাগার অনেক কারণ। কিন্তু রিয়ার যাকে ভালো লাগল, তাকে পাওয়া সম্ভব নয়। সময় কাটানোর জন্যও নয়। অবুঝ বয়সের ভুলে নেওয়া সঙ্গী যদি পরিতৃপ্তি না আনে, তাহলে তো জীবন এমন হবেই।

প্রকৃতি চায় রিয়া প্রেম করুক। এ জন্যই কি তার জীবনে প্রেম এসেছে আবার! মাত্র তো বয়স ৩৯! বয়সটা কি বেশি। বেশি হলে প্রেম কেন মনে দোলা দেয়? প্রকৃতি তাকে কেন আহ্বান করে? সে তো প্রেমে না পড়লেই পারে। প্রেম এসেছে এই সময়ে! কী অদ্ভুত না? রিয়া কত কাজে নিজেকে জড়িয়েছে। কত দিন নিজের যত্ন, খাবার সময় পায়নি। সেই মানুষটাকে প্রেম বড্ড বিরক্ত করছে আজ। হঠাৎ কারও মায়া, কোমলতা তার হৃদয়টাকে ভেঙে চুরমার করে দিচ্ছে।

আগস্ট তার জন্মের মাস। তাড়াহুড়া করা ভুল জীবনটার সংসারে চাষাবাদে ব্যস্ত সময় পার করছে। ঠিক রিয়ার জন্মের মাসেই এক সুন্দর মায়াবী মানুষ নাসির আসে। প্রেমের ঝড় তাকে কাহিল করে তোলে। রিয়া বুঝতে পারে সে প্রেমে পড়েছে। কিন্তু যার প্রেমে সে জানে না। জানার কথা নয়। যেভাবে রিয়ার সঙ্গে তার দেখা হয়, সেটা ভাবলে প্রেম আসাটা অপরাধ হবে। রিয়া নিজের মনকে শক্ত রাখে। ফোনে অল্প প্রয়োজনীয় কথায় মুগ্ধ হয়। কেমন যেন মনে হলো! জানতে ইচ্ছা হলো তাকে। নম্বর বসিয়ে সার্চ করেই ফেসবুকে খুঁজে নেয়। টুকটাক জানা। ছবিগুলো দেখা। এই তো। আর সুযোগ নেই। আর বাড়ানো যায় না সামান্য আলাপন ছাড়া। নাসিরের কোনো সাড়া নেই।

এখানেই সবচেয়ে বড় বাধা! রিয়া এটুকুতেই থামে, নিজেকে সংযত যেমন করতে চায়, তেমনই আবেগ নিয়ন্ত্রণ। কিন্তু পারছে না। সে সজাগ ছিল ভদ্রলোক যেন না বুঝে! তবু যেন কী হয়ে গেল! হঠাৎ ভদ্রলোক কী ভেবে কী বুঝেছে, জানা নেই। ফেসবুকে যোগাযোগটা হাইড করে নিয়েছে নাসির। রিয়া বুঝে নিয়েছে তিনি অগ্রাহ্য করছেন। রিয়া নিজেকে অপরাধী ভাবা শুরু করেছে। এমনটা সে চায় না। কিন্তু কেন এমন হলো! তার প্রেম প্রাপ্তির জায়গাটা এত শূন্য কেন? কেন আসল মায়া? সে তো ডাকেনি। সঠিক পুরুষের ভালোবাসা তার ভাগ্যে নেই। জীবনসঙ্গী নামক লোকটি তাকে শূন্যই রেখেছে সবকিছুতে। সেই অভাবটাই রিয়াকে বাঁচতে দিচ্ছে না এখন। তবে নাসিরকে ছাড়া রিয়ার আর কাউকেই এত ভালো লাগেনি আর। কারও সঙ্গে নিজ থেকে কথা বলেনি। সেই রিয়া কী করল এটা! এই শূন্যস্থানটা সহ্য করতে পারছে না সে। কীভাবে তাকে ভুলে থাকা যায়?