ভেঙেছ তুমি বুকের পাঁজর

প্রতীকী ছবিসংগৃহীত

হৈমন্তী সোনা রোদের ঝলকে,
শর্ষে ফুলের অবারিত হলদেটে সুঘ্রাণে।
আজ সকালে একপলক দেখেছিলেম তোমায়
সেই চেনা বিমুগ্ধ আবিরে।
তুমি ছিলে কুয়াশার চাদরখানি বুকে আলত
করে জড়িয়ে।
অপেক্ষায় শুধু আমারই প্রেমের সমুদ্রে স্নান
করবে বলে।
সুখ পাবনে অসীম সুখের আলিঙ্গনে
মনের আবিরে মন সাজাবে বলে।
আমিও ছিলাম তোমার পথের দিকে চেয়ে
চেয়ে দাঁড়িয়ে।
ভালোবাসার মৃদু বাতাস দেব বলে ছড়িয়ে।
কত সোনালি প্রভাত চলে গেল আমায় একা রেখে।
তুমি এলে না হৃদয়ের বিনি সুতোয় গেঁথে,
ভালোবাসার বকুল মাল্যখানি হাতে নিয়ে।
আমার গচ্ছিত হৃদয়ের ভালোবাসা নিতে।
যা খুব যত্নে রেখেছিলাম শুধু তোমায় ভালোবেসে।
শুধুই নিভৃতে নিখুঁত অভিনয়ের ছলে
স্বপ্ন ভেঙে ঝাপসা বদনে হঠাৎ কোথায়
গেলে হারিয়ে?
সোনা রোদের মিষ্টি হাসি ম্লান হলো অভিমানে।
আমার পৃথিবীটা শূন্য করেই একেবারে,
পোড়ালে আমায় ভালোবাসার তীব্র যন্ত্রণার অনলে।
শুনেছি, তুমি অচিরেই সুখের আশে,
খুঁজে নিয়েছ নতুন এক স্বপ্নের পৃথিবী পাশে!
আমি আজও পারিনি সুখ খুঁজে নিতে
দুঃখের শত ভিড়ে।
হৃদয়ে হাহাকার করে জ্বলছি প্রতিক্ষণে।
শুধু জানতে আজ খুবই ইচ্ছে করে,
সুখী হতে পেরেছ তো কারও স্বপ্ন ভেঙে দিয়ে?