পেনসিল দিয়ে কাটাকাটি করে
ভুল সংশোধনের দিন থেকে,
কলমের কালিতে ভুলগুলোকে
মেনে নিয়ে এগিয়ে যাওয়ার
মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম।
টিফিনের টাকা জমিয়ে
পছন্দের খেলনা কেনার আনন্দ থেকে,
টিউশনির টাকা দিয়ে নিজের
খরচ চালানোর দায়িত্বভারের
মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম।
বড়দের আড্ডায় কথা বলার জন্য
ছটফট করার দিন থেকে
আজ হাজারো মানুষের ভিড়ে
নিজেকে গুটিয়ে রাখার দিনগুলোর
মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম।
সবাইকে নিজের আপন ভেবে
মনের সব কথা বলা থেকে,
কাকে কতটুকু বলা যায়
সেই হিসাব কষার
মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম।
‘কবে যে বড় হব’
এই তীব্র আকাঙ্ক্ষা থেকে,
‘ইশ্! যদি শৈশবে ফিরে যেতে পারতাম’
এই হাহাকারের
মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম।
‘আমরা বড় হচ্ছি’ থেকে
‘আমরা বড় হয়ে গেছি’;
এটা বুঝে ওঠার
মাঝের সময়টুকুতে আমরা বড় হয়ে গেলাম।