গভীরতা

অলংকরণ: আরাফাত করিম

না, অভিমানে কাঁদি না আর
অকারণে চোখের জলও ফেলি না
কারও মান ভাঙানোর জন্য
ভালোবাসার দাবিতে বারংবার
প্রেমের গভীরতা জাহির করারও
এতটুকু চেষ্টা করি না।
মিথ্যে আবেগে রাত জেগে বসে
তোমায় নিয়ে গল্প কিংবা কবিতাও
তেমন লেখা হয়ে ওঠে না।
ভালোবাসি তোমায়...
মায়ায় পুষি হৃদয়ের মনিকোঠায়।
অখণ্ড ভালোবাসার গভীরতা
সে তো প্রকাশে নয়!
প্রেমের প্রগাঢ়তা কিংবা সৌন্দর্যও
অধিক প্রকাশে লোপ পায়।
এখন কেবল মনে মনেই
প্রেমানুভূতির শব্দের কাফেলায় হাঁটি
চোখের মণিতেই নিখাদ প্রেমের
অতল গভীরতা আঁকি।