আকালের সন্ধানে, আপনি মৃণাল সেন
দুর্ভিক্ষের ছবিগুলো থেকে আমরা বেরিয়ে এসেছি বহুকাল
কিন্তু আমাদের ভেতর উলঙ্গ দুর্ভিক্ষ এখনো কাটেনি
হাড়–জিরজিরে, হাড্ডিসার শরীরে মাংস গজিয়েছে মাত্র
কেউ খেতে পায়নি, কেউ অল্প খেয়েছে, কেউ বেশি খেয়েছে
না খেতে পেয়ে কেউ কেউ মরে গিয়েছে
বাঁচার তাগিদে একে অন্যের খাবার ছিনিয়ে নিয়েছে
শেয়াল–কুকুরের মতো কামড়াকামড়ি করে, একে অন্যের মাংস খেয়েছে
সময় পেরিয়ে এসে কেউ ভুলে গিয়েছে, কেউ ভোলেনি
কেউ দেখেও দেখেনি
চরম সত্যিটা হলো এই
এই যে কোথাও বোমা পড়েছে অথবা পড়েনি
গ্যাস চেম্বারে ঢুকিয়ে মেরে ফেলা হয়েছে অথবা হয়নি
ব্রাশফায়ার করে মানবতার লাশ বিছিয়ে দেওয়া হয়েছে অথবা হয়নি
তবু হয়ে চলেছে, হয়ে চলেছে, হয়ে চলেছে
অদৃশ্য যুদ্ধ, হয়ে চলা থেকে নিরস্ত কেউ করতে পারেনি
ঘটে চলেছে নিরন্তর
কারণটা হলো শ্রেণি; কারণটা হলো, দুর্বিষহ
অসাম্য—কখনো কাটেনি।
ক্যামেরার সামনে যা দেখাতে চেয়েছেন আপনি
ক্যামেরার পেছনেও দাঁড়িয়ে রয়েছে ঠিক তা-ই
অভুক্ত শিশু, অপুষ্টি
ক্ষুধার তাড়নায় নারী, বিপথে যায়
কাজ হারানো, বেকার শ্রমিক, বিকারগ্রস্ত নিয়ত গৃহযুদ্ধে লড়ে
ক্ষতের ওপর মলম লাগানো দায়
আপনার–আমার মতনই রক্ত–মাংসের কেউ নির্বিকার
ঘরে ফিরে এসে দড়িতে ঝুলে পড়ে
আপাদমস্তক মেরুদণ্ড নিয়ে আবার কেউ
সব ক্ষয়ে যায়, আত্মসম্মান তবু প্রবল বাধা হয়ে দাঁড়ায়
শরীরে একফোঁটা রক্ত থাকতেও চাষি, জমি বিক্রি করে না
কাজ না করে কাজের মেয়ে, করুণার মজুরি ফিরিয়ে দেয়
ভিক্ষা করতে, সে কখনো শেখেনি
আপনি শিল্পী, আপনি সাঁকো
সামাজিক দায়বদ্ধতা থেকে দুই পৃথিবীকে মেলাতে চান
জটিলতায় জড়িয়ে পড়তে পড়তে একসময়
ক্যামেরা নিয়ে নিজেই নিজের বৃত্ত থেকে ছিটকে যান
আপনার সঙ্গেও ওদের বেঁধে গিয়েছে শ্রেণিসংগ্রাম
বিশ্বাস নিয়ে লড়াই করতে আসা আপনি
বিশ্বাসচ্যুত হয়ে ওদের বিশ্বাসে এসে আঘাত করে ফেলেন
ওরা অশিক্ষিত, ওরা মূর্খ, ওরা কুসংস্কারাচ্ছন্ন
কিন্তু আপনিও প্রকৃত শিক্ষক হয়ে উঠতে পারেননি
এই যে নিজেকে প্রশ্ন করা,
এই যে নিজের ক্যামেরায় ফেলে নিজেকে যাচাই করা
প্রতিটি দিনের শ্রম–ঘাম এক করা অমীমাংসিত বিপ্লবে
এখানেই থাকে শুধু মুক্তি, একমাত্র শুদ্ধিকরণের উপায়
আকালের ছবিগুলো থেকে আমরা বেরিয়ে এসেছি বহুকাল
শরীরে মাংসের ওপর ত্বকের জেল্লা বাড়ে
দৌড় থেকে লম্বা দৌড়ের দিকে ঝুঁকে যায়
আপনি সংযমী, আপনি শিল্পপ্রেমী, আপনি পরমসহিষ্ণু
যারা ভাঙে, অনবরত ভেঙে ভেঙে পড়ে
তাদের মুখের ভাষা বড় অপবিত্র
তাদের শরীরে দুব্বোঘাস গজায়
আপনি গড়তে শেখাতে পারেননি
আপনি দুর্বলতার সুযোগ নিয়ে নোংরা রাজনীতি করে গিয়েছেন মাত্র
একসময় বেরিয়ে আসে আপনারও ক্ষমতার প্রতিপত্তির কঙ্কাল
আকালের সন্ধানে, প্রতিটি দিনের
বাঁচা–মরা, ভাঙা–গড়া, প্রেম–অপ্রেমে
সকলের ভেতর খাঁ খাঁ করে ওঠা মস্ত সে এক আকাল
প্রশ্ন আপনি, উত্তরও আপনি
মৃণাল সেন, প্রাত্যহিক জীবনে আকালের সন্ধানে
সমকালের সঙ্গে জুড়ে দিয়েছেন এই বিধ্বস্ত, পীড়িত পৃথিবীর মহাকাল