বৃষ্টিস্নাত রাতের আগুন

ছবি: এআই/বন্ধুসভা

সারা দিন মাতাল বৃষ্টি
পথে পথে রিকশার টুংটাং শব্দ
কিছু ভ্যান দ্রুত দৌড়ে পালায় গৃহের দিকে
বৃষ্টিস্নাত শহরে অফিসফেরত লোকেরা ভিজে ক্লান্ত।
ফুটপাতে নেই ফলের দোকান
আসেনি শিশু পোশাক বিক্রির বৃদ্ধ লোকটি
আজ তবে দুর্বল হয়েছে তার বুকের স্পন্দন
আজ এই অঝোর বৃষ্টির সময় ধরেছে তার ক্ষয়কাশ
হতে পারে বসে পড়েছে আয়েশে কোনো তাসের আড্ডায়।
নির্দয় আকাশ আজ ভিজিয়েছে নগরের সব ছাদ
তার ওপর নেমেছে কয়লার মতো গাঢ় অন্ধকার রাত।
তবু গাঁয়ের বলিষ্ঠ কিছু পুরুষ
উৎসাহে বের হয় উজানে উঠে আসা মাছ শিকারে
তাদের দেহে তাপ, কই পুঁটি ট্যাংরা, কামের ওম।
বৃষ্টিপাত হলে
নারীর অপেক্ষা স্ফীত হয়
হাওয়ার চাবুক খেয়ে ঘরে ফিরে সব
বৃষ্টিস্নাত রাতেই জ্বলে কারও অপেক্ষার আগুন।