এই শহর

ঢাকা শহরছবি: সাবিনা ইয়াসমিন

এই বিরতিহীন শহরে আমার স্বস্তি মেলে
কয়েক ঝুমকা কৃষ্ণচূড়ার রাঙা সাঁঝে
আর রঙিন ল্যামপোস্টের আলোয়...
আমার ধৈর্য বাড়ায় রাস্তার অবিরাম জ্যাম!
আমার ধৈর্য বাড়ায় ফড়িঙের মতো ব্যাগ নিয়ে ছোটাছুটি মানুষের জামা ভেজানো ঘ্রাণে...
এই শহরদেয়াল আমাকে ভালোবাসার মহাকাব্য লিখতে শেখায়...
শোনায় অবিরাম স্বার্থপর তরুণ-তরুণীর ব্যর্থ গল্প।
এই ব্যস্থ শহর আমাকে নির্ঘুম থাকতে শেখায়...
শিক্ষা দেয়, কীভাবে সারা দিন কর্মে লিপ্ত থাকা যায়,
শিক্ষা দেয় জীবন যে লাল-নীল আর সাদার মাঝে কালো বাতি।
এই শহর আমাকে অনেক কিছু শিক্ষা দেয়।
শিক্ষা দেয় খোলা বাতাসহীন আর বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে কেমনে লাখো মানুষ হাসে,
মানতে বাধ্য করে রাস্তার মতো যে জীবনেও বড় সিগন্যাল আছে!
আরও ভালো লাগতে শেখায় অবরুদ্ধ থাকতে।
এই ব্যস্থ শহর সর্বোপরি আমাকে বদলে দিতে চায়!
আমি পারব না—
আমার মনের মধ্যে নাড়ির ভালোবাসা ক্ষয় হবে না।
আমি ভালোবাসতে জানি বাস্তবতাকে।
আমি ভালোবাসি...