ডাক

হয়তো দেখা হতেও পারে বেলা শেষে, প্রতীকীছবি: জুনায়েদ আজিম চৌধুরী

তুমি ডাকোনি বলে আর ফেরা হলো না আমার
চলে যাচ্ছি সাতরঙা পালকি চড়ে বহুদূর
যেখানে নীল জোছনা খেলা করে পূর্ণিমার সাথে।
অথবা নিঃসঙ্গতার মহা–অন্ধকারে
যেখানে আমার বলতে শুধুই আমি।
হয়তো দেখা হতেও পারে বেলা শেষে
কলাপাতা রঙে এক বিন্দু শিশির কণায়
আঁচলে মুছিনি সে জল
জমাটবদ্ধ মনের কোণায়।
রেখেছি জমা করে তুলসী পূজায়
পূজারীর প্রার্থনায়।
যদি ডাকো একবার ভূমিকম্পে তোলপাড় করে দিয়ে
বানাব আবার নব ধরণী
সব শীতল হরণ করে উষ্ণ প্রহর হব।
তুমুল বাজবে বীণা করবী বনে
এক চিলতে মেঘের ভেলায় ভাসমান হব
রোদমাখা ভোর হবে আবার দুজনের কথোপকথন,
শিমুল-পলাশ রাঙা রাতে রাঙিয়ে দেব মন
হুলস্থুল ধমনির শিরায় শিরায় প্লাবিত সারাক্ষণ।
শুধু একবার ডাক দিয়ে দেখো
যে নামে ডেকেছ আমায়।