অচেনায় রাজ্য গড়ি

অলংকরণ: তুলি

চলো ক্লান্তিহীন পথে চলি কিছুক্ষণ
হারিয়ে যাই ওই দূর বহুদূরে,
গোধূলি, সন্ধ্যে পেরিয়ে মাঝরাতে
আর মিলিয়ে যাই কুয়াশার চাদরে।
প্রকৃতির হিমশীতল কোলে হাঁটব—
চলব সুদূর অজানায়, হব নিরুদ্দেশ;
মাঝপথে ক্ষাণিক থেমে তাকাব পেছনে
ভাবব, ভালোই তো আছি, চলছি বেশ!
এই বুকের উষ্ণতায় খুঁজবে আশ্রয়
গগন কাঁপানো শৈত্য হবে নত;
কাটাবে হিম, দর্প করবে ম্লান
ক্ষীণ রাত, সীমাহীন আশা অবিরত।
শিশিরকণায় গড়ব তব মালা
উৎসর্গ করব তোমায় গহনারূপে,
ভাঙব সব ক্ষোভ আর ক্লান্তি
চলব অসম তব দ্বিধাহীন পথে।
খেত, বন, পাহাড়, পাথার মাড়িয়ে
দুজনে চলব আরও দূর অজানায়;
চলতে চলতে হারাব দিক, গড়ব
রাজ্য; দিক ভোলা যুগলে অচেনায়।