যেখানে সীমান্ত তোমার
তোমার স্ফীত যৌবন নদীর মোহনায়
সমারোহ ফুলের বসন্তবিলাস।
নরম ঘাসের ডগায় শিশিরের আলো
পৃথিবীকে করে দেয় অনন্ত সুবিন্যাস।
বিভাস চোখের বিমোহ বিমূঢ়তায়
তোমার ঠোঁটের দরিয়ায় ভাসি।
জল থেকে জলের শ্রাবণী সম্ভোগে
তোমার চোখের পাপড়িতে হাসি।
পাল তোলা মেঘের ওই সীমান্তের ওপার
আকাশ নেমে গেছে ফুলের নদী।
জনমে সম্মুখে বাসি তোমায় ভালো
আদিগন্ত থেকে প্রবহমান স্রোতে নিরবধি।
দুরন্ত নীলের দ্যুলোক সমুদ্রসৈকতে
অবিনাশী তোমার বসন্তনিকেতন।
কালের প্রবাহে দুরন্ত ফুলের সমীরণে
জয়োল্লাসে ওড়ে তোমার বিজয়কেতন।
যেখানে সীমান্ত তোমার মুখর ফাগুন
রঙে রঙে সাজায় ত্রিভুবনের আকাশ।
সেখানে আমি তোমার চোখের নীড়ে
সমাগমে বাঁধি জলছবির চিলেকোঠার আবাস।