অধিকার আদায়ে

রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সামনের গ্রাফিতিছবি: মঈনুল ইসলাম

অধিকার আদায়ের দেহ থেকে বের হয়ে আসে
তরতাজা অনেকগুলো বুলেট,
গুঁড়া মরিচের মতো লাল হয় সবুজ ঘাসের বুক
পায়ের নিচে পিষ্ট হওয়া পাথর চিৎকার করে
আকাশে–বাতাসে ধ্বনিত হয় করুণ কান্নার সুর
রৌদ্রের তাপে শুকিয়ে যায় ভিজে থাকা গলাটি
তৃষ্ণার্তের তৃষ্ণা মেটাতে হারিয়ে যায় ওই তারাটা
জিহ্বাটা আর নড়েচড়ে না থমকে গেছে চিরতরে।
গলায় ঝুলিয়ে থাকা পরিচয়পত্রে কী ছিল লেখা
সেটা আর দেখেনি স্বার্থপর চোখ
নির্লজ্জ পেনসিল আঁকতে শুরু করল নীল নকশা
কাঠের বক্সের গায়ে ছিল ফোঁটা ফোঁটা রক্তের চিহ্ন
লাশবাহী গাড়ি হঠাৎ উধাও হয়ে গেল!
দাঁড়িয়ে থাকা সারি সারি নতুন গাছের মধ্য থেকে,
কেউ আসে না হাতটি বাড়িয়ে দেওয়ার জন্য
তামাশার মোবাইল ফোনে বন্দী করে রাখে
টাকাপয়সা কামানের জন্য রক্তভেজা শার্টের ছবি।