তানভীর হাসানের গল্পে ‘নীল রেইনকোট’ আসছে ভালোবাসা দিবসে

নাটকটিতে অভিনয় করেছেন সাদ নাওভি ও জিমসংগৃহীত

ধানমন্ডির একটি পুরোনো ফ্ল্যাটবাড়ির দ্বিতীয় তলায় থাকেন অর্পিতা। নীরব, ছন্দে মোড়ানো ব্যাচেলর জীবন। প্রতিদিন বিকেল ৫টা ২০ মিনিট এলেই তিনি ব্যালকনিতে দাঁড়ান। এই দাঁড়িয়ে থাকা কোনো নির্দিষ্ট মানুষের অপেক্ষায় নয়। তাহলে কেন?

বর্ষার বৃষ্টিমুখর বিকেলে নীলক্ষেতের পুরোনো বইয়ের দোকানে অর্পিতার সঙ্গে পরিচয় হয় শুভ্রর। নীল রেইনকোট পরা, রবীন্দ্রপ্রেমী এই তরুণের সঙ্গে চা, বই আর বৃষ্টিকে ঘিরে কিছু সাধারণ কথার মধ্যেই জন্ম নেয় এক অদ্ভুত অথচ নিঃশব্দ সংযোগ। বিদায়বেলায় শুভ্র বলে যায়, যদি কোনো দিন ফেরে, তবে নীল রেইনকোট পরেই ফিরবে।

অতঃপর, কেটে যায় অনেক দিন। অর্পিতার জীবন ধীরে ধীরে রূপ নেয় দীর্ঘ অপেক্ষার। পুরোনো বইয়ের দোকান, টংয়ের চা, পাশে রাখা একটি খালি চেয়ার আর স্মৃতিরা মিলে তার নিত্যদিন। বৃষ্টির দিনে নীল রেইনকোট দেখলেই বুকটা ধড়ফড় করে ওঠে অর্পিতার। একদিন এমনই এক নীল রেইনকোট পরিহিত মানুষকে দেখে দৌড়ে কাছে যায়। চিৎকার করে ডাকে, ‘অ্যাই শুভ্র, শুনছেন…?’
কিন্তু লোকটি কে? অর্পিতা কি শুভ্রর দেখা পেয়েছিল?

নাটকটির লেখক তানভীর হাসান

দীর্ঘ প্রশ্নের জট, সম্পর্কে টানাপোড়েন আর পাওয়া না–পাওয়ার আবহেই নির্মিত হয়েছে ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ নাটক ‘নীল রেইনকোট’। ঢাকা মহানগর বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক তানভীর হাসানের গল্পে নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। এতে ‘শুভ্র’ চরিত্রে অভিনয় করেছেন সাদ নাওভি এবং ‘অর্পিতা’ চরিত্রে দেখা যাবে জিমকে। এটিই এই জুটির প্রথম একসঙ্গে কাজ।

নাটকটির লেখক তানভীর হাসান বলেন, ‘“নীল রেইনকোট” মূলত অপেক্ষা আর অনুভূতির মিশেলে ভিন্নধর্মী একটি গল্প। অপেক্ষার মধ্যেও যে একধরনের নীরব সৌন্দর্য থাকে, সেটিই ধরতে চেয়েছি। একটি সাধারণ পরিচয় কীভাবে বৃষ্টি আর রেইনকোটকে ঘিরে দীর্ঘ অপেক্ষায় রূপ নেয়, দর্শক তা অনুভব করবেন। পরিচালক রুবেল আনুশ খুব যত্ন নিয়ে গল্পের নির্যাস পর্দায় তুলে ধরেছেন। ভালোবাসা দিবসে দর্শক একেবারে ভিন্ন এক প্রেমের অনুভব পাবেন বলে আমার বিশ্বাস।’

‘নীল রেইনকোট’

পরিচালক রুবেল আনুশ বলেন, ‘ভালোবাসা দিবসকে সামনে রেখেই এই স্যাড-রোমান্টিক গল্পটি বানানো হয়েছে। নাওভি ও জিম দুজনই তাঁদের চরিত্রে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। গল্পের আবহ ও অনুভূতিটা দর্শক হৃদয় দিয়ে অনুভব করবেন বলে আশা করছি।’

‘নীল রেইনকোট’ প্রসঙ্গে প্রযোজক আকবর হায়দার মুন্না জানান, ভালোবাসা দিবসকে ঘিরে আগামী ৬ ফেব্রুয়ারি ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। বই, গান আর একবুক অপেক্ষার গল্প ‘নীল রেইনকোট’ দর্শকের হৃদয়ে কতখানি ছাপ ফেলবে, সেটাই এখন দেখার পালা।

সাদ নাওভি ও জিম ছাড়াও নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিশা রহমান, আনোয়ার আজপুর, আনোয়ার, সিদ্ধাত্য, আব্রাহাম তামিম প্রমুখ।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ঢাকা মহানগর বন্ধুসভা