অস্তিত্ব
নিকোটিনের ধোঁয়ায় ধূসর পৃথিবী
কলকবজা বিকলাঙ্গ করে দিয়ে
ভালো থাকার প্রচেষ্টা।
সমস্ত অস্তিত্বজুড়ে তার বসবাস
বন্ধুত্বের বন্ধনও আজ বড় অসহায়
পাশে বসে থাকা মানুষটির চেয়েও
বেশি টান থাকে চুরুটের টানে।
নারী হারিয়েছে তার ভালোবাসা
রং নেই পুরুষের মনে,
সব রং নিয়ে গেছে অক্সিজেন কার্বনের যৌগ।
পৃথিবী ক্রমেই ধূসর,
সভ্যতার নামে অসভ্যরা যৌগ ঢেলে দিচ্ছে
অস্তিত্বের প্রশ্নে ভুগছে কাল মহাকাল
অথচ ভালোবাসার কাছে সবই অসহায়।
কত না সুন্দর ছিল কালিদাসের কাল!
মৃদুমন্দ বাতাস, প্রেমের প্রাচুর্য অক্সিজেন
আজ সেথায় কার্বন মিশে টিকে থাকার শঙ্কা।
ভালো নেই আজকের শিরি-ফরহাদ
উল্টো বইছে বাতাস, প্রচণ্ড বেগ
ফুলে ফুঁসে উঠছে সাগর মহাসাগর,
একটা যুদ্ধই পারে বাঁচিয়ে রাখতে—
মানব সভ্যতার ইতিহাস।