নতুন পরিচয় চাই

অলংকরণ: তুলি

আজ আর গল্প বলার রসদ নেই,
বাকশক্তি হারিয়ে বসেছি অবাধ্য চিৎকারে—
রাত জাগার নির্বাসন শেষে,
আরেক রাতের জন্য অসহায় আর্তনাদ করি।
নগরের ইট-পাথরের দেয়ালে জন্মানো মৃত গাছটিও ভালো,
সর্বসাধারণে আশীর্বাদপুষ্ট নই!
রক্তশোভিত পাষাণের করাঘাতে
আমি মানুষ নই,
নারী!
সমাজের দ্বারে দ্বারে ঘৃণিত—
মনুষ্য আবরণে আবদ্ধ আত্মার করুণ মৃত্যুতে
মহামূল্যের সমাবেশ রচিত হয়!
কত নতজানু কত সুন্দরে সু–আসন—
জীবিত আমি শুধুই নারী!
পতিতালয়ের আমি রানি নই,
তবু সুখবিলাসে আমি ভোগ্য!
অচেতন, মহাকলরবে আমি শিকার,
অমানুষের দরবারে আমার গমন নেই—

ক্ষণে ক্ষণে রক্তিম দেহ লুটিয়ে পড়ে,
মানুষের অগোচরে,
করুণ চিৎকারে শান্ত হয়ে পড়ি,
পশু ও মহোৎসবে চলে যায়!
আমার করুণ মৃত্যু মিছিলে আমিও দাঁড়াতে পারি না!
মহা কষ্টে আত্মহুতিতে সমাজের কিবা আসে!
আমার পরিচয় বদল করো!
কোনোকালের বউ, মা, মেয়ে, প্রেয়সী?
নিদারুণ কষ্টে ভেবে লাভ নেই!
ভোগ্যপণ্য!
এতেই ঠিক খুবলে খুবলে খাও—
রাতের আধারে বা জনসমুদ্রে
পণ্য নিরুপায়—
রক্ত সব চুষে ফেল,
আমি মানুষ নই, মানুষের দাবি করি না।
আমি!
নারী নই!
নতুন পরিচয় দাও!