বঙ্গ সমাজে হিন্দু অথবা মুসলমান যে অঞ্চলে যে ধর্মের মানুষেরাই সংখ্যাগরিষ্ঠ থাকুক না কেন, পুরুষতান্ত্রিক সমাজে প্রতিটি ধর্মের মানুষের মধ্যেই বিধবা নারীদের অবস্থান খুবই শোচনীয়। যুগ যুগ ধরে ক্ষমতাবান পুরুষ একাধিক বিয়ে করে এসেছে। গৃহিণী নারীমাত্রই দুর্বল, পদে পদে তারা নানাভাবে শোষিত-লাঞ্ছিত হয়েছে। হিন্দু সমাজে কুলীন ব্রাহ্মণের একাধিক স্ত্রী, বৃদ্ধ মারা যাওয়ার পর সব স্ত্রীদেরও টেনেহিঁচড়ে শ্মশানে নিয়ে গিয়ে স্বামীর চিতায় জ্যান্ত পুড়িয়ে মারা হতো। মুসলিম সমাজে একাধিক বিয়ের সঙ্গে স্ত্রীদের শুধু বাচ্চা জন্মদানের যন্ত্র বানিয়ে একাধিক সন্তান এবং আল্লাহর ভরসায় তাদের মুখের অন্ন জোগানোর বিশ্বাস চালু ছিল। সব ধর্মের ক্ষমতাবান মানুষের কাছে দুর্বল নারী তাই একাধারে যৌনদাসী, অন্যদিকে যাবতীয় অত্যাচারের চরম শিকার।
রামমোহন, বিদ্যাসাগরের মতো প্রগতিশীল চিন্তাধারার মানুষদের দীর্ঘ আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার নির্মম সতীদাহ প্রথার বিরুদ্ধে যেমন আইন জারি করেছিল, বাল্য–বিধবাদের পুনরায় বিবাহেরও স্বীকৃতি দিয়েছিল। কিন্তু বুদ্ধিজীবী, প্রগতিশীলরা যতই আন্দোলন করুক, রাষ্ট্র যতই আইন জারি করুক, কুসংস্কারগ্রস্ত অন্ধ সমাজের মানসিকতা কিছুতেই যেন পাল্টানোর নয়। হিন্দু-মুসলিম দুই সমাজেই বিধবাদের পুনরায় বিবাহের বিষয়ে এখনো অনেক হীন মানসিকতা কাজ করে। প্রগতিশীল ধারার কবি, লেখক ও পরিচালক সৈয়দ শামসুল হক, তেমন একটি বিষয়কে তুলে নিয়ে এলেন সুনির্মিত ‘অধিকার’ চলচ্চিত্রে। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তিনি। পরিচালনা করেছেন কামাল আহমেদ।
এখানে শিরিন নামের গরিব ঘরের বাবা-মা মরা সুন্দরী ও গৃহকর্মে নিপুণ গুণবতী মেয়েটির সঙ্গে বিয়ে হয় বনেদি পরিবারের মেজছেলে চিকিৎসকের সঙ্গে। বাসর রাতে মরণাপন্ন রোগীকে বাঁচাতে নতুন বর হাসপাতালে অপারেশন করতে ছোটে। অপারেশন সফল করে বাসর রাতের ডাকে ছুটে আসার পথে গাড়ি দুর্ঘটনায় নিজেই মারা যায়। বাড়ির নতুন বউ সবার নয়নের মণি, প্রথম রাতেই হয়ে গেল অপয়া। শাশুড়ির চোখে ‘রাক্ষসী’ বাড়িতে পা দিতে না দিতেই ছেলেকে কেড়ে নিল। নতুন বউকে ঘার ধাক্কা দেওয়ার মুহূর্তকে সাক্ষী করে পরিচালক সংবেদনশীল মানুষের দরবারে প্রশ্ন রাখলেন— ‘জীবন যাকে করল বঞ্চনা, সংসার যাকে করিল পরিহাস, পৃথিবী কি দেবে না তাকে বাঁচার অধিকার?’
এরপর দেখলাম, কোথাও যাওয়ার জায়গা না থাকা নতুন বউটি বাড়ির দাসীতে পরিণত হলো। সারা দিন হেঁশেল ঠেলে, বাড়ির সবার খাবার বানায়, যত্নআত্তিতে সামান্য ত্রুটি বা পান থেকে চুন খসলেই নেমে আসে গঞ্জনা, মুখ ঝামটা, পদে পদে অত্যাচার। শাশুড়ি থেকে বড় ননদ, ননদের কামাতুর লোভী বর শোষক শ্রেণির প্রতিনিধির অন্ত নেই। শিরিনের জীবন যখন এভাবেই প্রতিদিনের উনুনে পুড়ছে, ঠিক এরকম একটা সময়ে বিলেত থেকে ফেরে বাড়ির ছোট ছেলে মুনির। বাড়ির সুন্দরী যুবতী মেজ বউটির মলিন শ্বেত বসন, দাসীবান্দির মতো রূপ দেখে সে তাজ্জব বনে যায়। ক্রমে বুঝতে পারে, দজ্জাল মা এই বউটিকে রান্না ঘর থেকে বের হয়ে কারও সামনে পর্যন্ত আসতে দেয় না। কথায় কথায় উঠতে বসতে সবাই তাকে অপয়া বলে। শুভ কাজে যাত্রার সময় তার মুখ দেখে বেরুনোটাও যেন অলক্ষুণে।
মুনিরের সঙ্গে ডেজি নামের বনেদি পরিবারের আইনজীবীর কন্যার বিবাহ ঠিক হয়। কিন্তু মুনির এই প্রথম বিদ্রোহ ঘোষণা করে। তরুণী বিধবার অধিকার ফিরিয়ে দিতে মায়ের সঙ্গে মুখোমুখি লড়াই করে। ক্রমে সে অবলা নারীটির প্রেমে পড়ে যায়। বিধবাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। গল্পটির সময়কাল চলচ্চিত্রের মধ্যেও ধরা থাকে, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তান আমলের। মুনিরের ব্যবসায়ী বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন আনোয়ার হোসেন। মুনির বাড়ি ফেরার পর ব্যবসার কাজে তিনি করাচি গিয়েছেন। বড় ভাইয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রোজী। রোজী-আনোয়ার হোসেন জুটিকে পর পর বেশ কিছু চলচ্চিত্রে দেখেছি। মুনির চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক এবং শিরিন চরিত্রে কবরী। দুজনই তখন তরুণ শিল্পী। দেখতে যেমন সুন্দর, অভিনয়ের পরতে পরতে দক্ষতা, অপার সৌন্দর্য প্রকাশিত হয়।
মুনিরের সংস্পর্শে শিরিনের চাপা পড়ে যাওয়া যৌবন যাতনাও জেগে ওঠে। কিন্তু কিছুতেই সে তা প্রকাশ হতে দেয় না। পদে পদে তার মাথার ওপর ছায়া, কূল হারানোর ভয়। শাশুড়ির প্ররোচণায় মুনিরের কাছ থেকে দূরে থাকতে তবু সে আপন সংসার ছেড়ে চলে যায়। গ্রামের বাড়িতে চাচা-চাচির কাছে আশ্রয় খোঁজে। সেখানেও অন্য বিড়ম্বনা, পদে পদে তিরস্কার। এক মাতাল দুশ্চরিত্র লম্পটের সঙ্গে চাচি বিয়ে পর্যন্ত ঠিক করে ফেলে। এদিকে ভালোবাসার মানুষ শিরিনকে হারিয়ে মুনির মাদকাসক্ত হয়ে ওঠে।
সৈয়দ হক ঘর ভাঙার জন্য কাহিনি দাঁড় করাননি, জীবনকে আশাহত করার জন্যেও তাঁর যাত্রা নয়। মুনির শিরিনকে ফিরিয়ে আনতে যায়, শিরিন ফেরে না। মান-অভিমান, দ্বন্দ্ব-সংঘাত এগুলো জীবনেরই অঙ্গ। বখে যাওয়া ছেলের মুখের দিকে তাকিয়ে শাশুড়ি মেজ বউকে আবার বাড়িতে ফিরিয়ে আনে। কিন্তু মূল উদ্দেশ্য ছিল শিরিনকে দিয়ে মুনিরকে রাজি করিয়ে ডেজির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসানো। লড়াকু মেয়ে আত্মবঞ্চনা, আত্মক্ষরণ চেপে রেখেও এই কঠিন কাজটি ঠিক করে ফেলে। বিনিময়ে ননদের কামাতুর স্বামীর ছোবলে তাকে পড়তে হয়। পুরুষ ধরা মেয়েমানুষের অপবাদ মাথার ওপর নেমে আসে। কিন্তু প্রকৃত সতী নারীকে অসতী বানাবে, কার সাধ্য।
শাশুড়ি চরিত্রে কিংবদন্তি রওশন জামিলের অভিনয় মনে রাখার মতো। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন কবিতা, রীনা, বেবী, প্রীতি, আনসার, সিরাজ, জাভেদ রহিম, রানু, রবিউল, আনিস, রাজু আহমেদ, আশিষ, জামান, ফরিদ আলী, তেজেন চক্রবর্তী, সুলতানা, জরিনা, বিলকিস বারী, রাজিয়া চৌধুরীসহ আরও অনেকে। প্রধান সহকারী পরিচালক ছিলেন ফজলুল কবীর চৌধুরী। এম হাসানের শিল্পনির্দেশনা, আব্দুর রহমানের রূপসজ্জা সুন্দর। নৃত্য পরিচালনায় ইলিয়াস জাভেদ ছবির মান ধরে রেখেছেন। অরুণ রায় ও আব্দুল লতিফ বাচ্চুর চিত্রগ্রহণ যথাযোগ্য। আমিনুল ইসলাম মিন্টুর সম্পাদনাও অনবদ্য। চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য, সংলাপের পাশে সুন্দর গানগুলোও রচনা করেছেন বহুমুখী প্রতিভার অধিকারী সৈয়দ শামসুল হক।
শুরুতেই ডাক্তারের সঙ্গে শিরিনের বিয়ের আসরে ‘চাঁদের আলোয় বান ডেকেছে /মনের তালা কে খুলেছে...’ সখীদের সমবেত গানটি ভালো লাগে। অভিনয়ে ডেজির কণ্ঠে পারিবারিক আসরে ‘কোন লজ্জায় ফুল সুন্দর হলো/আমি শুধাই তারে ভালোবাসার গল্প আমায় বলো’ গানটি ব্যবহৃত হয়। মূলত এই গানটির কথাগুলো দৃশ্য থেকে দৃশ্যান্তরে ঘুরে ফিরে উঠে আসে। সুন্দর নিটোল একটা ভালোবাসার গল্প বলার জন্যই পরিচালক আমাদের যাত্রাপথের সঙ্গী করেন। ভালোবাসা কখনো কে বিধবা, কে বিত্তশালী এসব বিচার করে না। মনের সঙ্গে মনের মিলনে বৈধব্য বেশের যাতনা দূর হয়। শিরিনের সঙ্গে মুনিরের মিলন সমাজের অন্ধকার, কুসংস্কারের জগতেও আঘাত হানে। চলচ্চিত্রের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আবদুল জব্বার, আনোয়ার উদ্দিন খান, শাহনাজ বেগম, সাবিনা ইয়াসমিন, হাসিনা মোমতাজ, লাভলী ইয়াসমীন ও মিলি ইয়াসমীন। সংগীত পরিচালনা করেছেন আলী হোসেন।
বাড়িতে রান্নাঘরে চাকরানীর মতো জীবন কাটানোর সময় শিরিন মানে কবরীর সহমর্মী ছিলেন বৃদ্ধ আরেক পরিচারক। হাত পুড়িয়ে রান্না করার দৃশ্যে তিনি বলছেন, ‘যাবে, তুমি একদিন যাবে...’। কবরী হেসে জিজ্ঞেস করে, ‘কোথায়?’ বৃদ্ধ পরিচারক জবাবে বলেন, ‘কবরে’। কবরী মিষ্টি হাসিতে কথাটা উড়িয়ে দেন। বাস্তবেই কবরীর মতো মিষ্টি মেয়ে অভিনেত্রীরা কোনোদিন কবরে যান না। পৃথিবীতে তাঁদের অধিকার, মানুষের হৃদয়ে ও মনে তাঁদের আসন চিরকালের জন্য থেকে যায়।
হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত