সুখ সমাচার
ব্যস্ততা ব্যস্ত হয়েই আসে, চুপচাপ
তুমি বসে যাও জীবনের পাশে, নৈঃশব্দ্যে!
ধানখেত, কচি চারা, সবুজ পাতা মলিন মলাটে
সোনালি হলেও তোমার অবসর কই—
ওইসবে কী আর থাকে দেখার?
পাতাঝরা বিকেল, বসন্ত সকাল, উর্বর গোধূলি
অথবা রাতের মধ্যদুপুরে তোমার নোটবুকে
শব্দরা উঁকি দিলেও তুমি পাশ কেটে যাও, কৌশলে!
ব্যস্ততা নামক মন্বন্তরের পাশে দাঁড়িয়ে তুমি—
মনের দেয়ালে টাঙিয়ে দাও আগ্রহের দুর্ভিক্ষ!
যান্ত্রিক জীবনের বাইরেও একটা জীবন থাকে
ওই জীবনে ফিরে এলে জীবন সত্যিই সুন্দর।
বিশ্বাস না হলে তুমি আমাদের বৈঠকখানায়
একবার উঁকি দিয়ে যাও!