যদি আবার ফিরে আসি

প্রতীকী ছবি
অলঙ্করণ: মাসুক হেলাল

যদি আবার ফিরে আসি,

তবে প্রেমিক হয়ে নয়,

বৃষ্টি হয়ে ফিরব।

ভিজিয়ে দেব—

তোমার মনের খরখরে উঠোন।

সিক্ততার আবেশে তোমার মনের কোণে

প্রেম কড়া না নাড়লেও,

তোমার পাথর হৃদয় যেন কোমল হয়।

সে কোমলতা ছুঁয়ে দিক

গেঁদাফুলের ভেজা ভেজা পাপড়ি,

উঠোনের স্যাঁতসেঁতে শেওলা।

তুমি ছুটে যাও দুরন্ত কিশোরীর মতো,

পাতা চুইয়ে চুইয়ে টুপ টুপ জল পড়া

হিজলগাছের তলে—

বৃষ্টির কয়েক হাজার ফোঁটা যদি

চিবুক বেয়ে নামতে নামতে তোমাকে চুম্বন করে,

সেই চুম্বনে যদি হয়ে ওঠো লালে লাল লজ্জাবতী,

তোমার ঠোঁটের কোণে

জমে ওঠে একচিলতে হাসি,

সেই হাসিতেই আমি সুখী।

মালিবাগ, ঢাকা