বন্ধুসভা: আজ ও আগামীর বাংলাদেশ

বন্যার্তদের সহায়তায় ত্রাণ নিয়ে যাচ্ছে বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

১৯৯৮ সালে শতদল হয়ে কুড়ি থেকে প্রস্ফুটিত বন্ধুসভা দুই যুগ পেরিয়েছে প্রায়! শৈশব-কৈশোর পেরিয়ে পত্রপল্লবে সুশোভিত বন্ধুসভা এখন ভরা যৌবনা! দেশ ও দেশের বাইরে ১৩০টি বন্ধুসভার লক্ষাধিক সদস্য দুর্নিবার আলোর পথযাত্রার অদম্য পথিক, ভালোর সঙ্গে যার সহাবস্থান অহর্নিশ। অন্ধকার আর অনিষ্টের সঙ্গে যার আড়ি চিরতরে।

বন্ধুসভার বন্ধুদের আলোকচ্ছটায় বর্ণিল স্বদেশ। দেশমাতৃকার সেবায় প্রত্যয়দীপ্ত বলিষ্ঠ সব আত্মার জয়ধ্বনিতে মুখর প্রায় ৫৭ হাজার বর্গমাইলের লাল–সবুজ মানচিত্র। নজরুলের ‘এ তুফান ভারি, দিতে হবে পাড়ি’ পঙ্‌ক্তিতেই যেন মুক্তির শপথে অবিরাম বৈচিত্র্যময় এ তারুণ্যের পথচলা।

বন্ধুত্বের ভালোবাসায় কখনো ছিন্নমূলের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটায়, কখনোবা সহমর্মিতার ঈদে রঙিন জামা আর মেহেদির আবিরে রাঙিয়ে তোলে শত শিশুর হাত। প্রকৃতির রুদ্ররোষে বিধ্বস্ত জনপদে সবার আগে পৌঁছানোর এক ইতিবাচক লড়াইয়ে বন্ধুদের দুর্জয় পদচারণা। ত্রাণ সহায়তা কিংবা চিকিৎসাসেবা সবকিছুতেই আছে বন্ধুসভা। দেশব্যাপী গাছ বুনে সবুজে সবুজে ভরিয়ে দেওয়ার প্রয়াস কিংবা বই পড়ার মধ্য দিয়ে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের আন্দোলনে পাঠচক্র, বিতর্ক কিংবা লেখালেখি—জ্ঞানের সব শাখাতেই বিচরণ বন্ধুদের।

সমাজে ইতিবাচকতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নিজেদের প্রস্তুত করার পাশাপাশি, অন্যকে এগিয়ে নেওয়ার কাজটুকুও হাসিমুখে করে বন্ধুসভা। আত্মোন্নয়নের মধ্য দিয়ে সমাজ, জাতি—সর্বোপরি দেশের উন্নয়নে ব্রতী এই তারুণ্যের গতিময় স্বপ্নযাত্রায় দেশসেরা ছাপা কাগজ প্রথম আলো ও তার স্বপ্নসারথিদের ভালোবাসায় কোনো কমতি নেই। কুর্নিশভরা শ্রদ্ধা আর বুকভরা গর্বে সারা দেশের বন্ধুদের সদা স্মরণে রেখেই তার সামাজিক কর্মকাণ্ড পরিচালনার ছক সাজায় প্রথম আলো পরিবার।

এই স্বপ্নযাত্রার বারুদে তাই আরেকটু আগুন জ্বালাতেই যেন দীর্ঘ সাড়ে তিন বছর পর আবার ছাপা কাগজে মূল পত্রিকায় ফিরে এল বন্ধুসভা।

সারা দেশের বন্ধুদের কথা জানতে ও জানাতে এখন থেকে মাসে দুই দিন প্রকাশিত হবে। পাতাজুড়ে থাকবে শুধুই বন্ধুত্ব, মানবতা আর মনুষত্বের জয়গান। বন্ধুদের লেখা দিয়েই আমরা সাজাব নতুন স্বপ্ন, সাদা কাগজে বহুরঙা কালিতে আঁকব আগামীর সম্ভাবনা। আপনাদের লেখা দিয়েই সাজানো হবে এই পাতা। আপনাদের কথাগুলোই ছাপার অক্ষরে প্রকাশিত হবে আবারও, অনেকবার এবং বারবার।

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ সারা দেশের বন্ধুদের আবারও স্বাগত জানায়, কৃতজ্ঞচিত্তে স্মরণ করে টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রতিটা বন্ধুর সব ভালো কাজ। আমরা বিশ্বাস করি, আগামী দিনগুলো হবে আমাদের। আমরাই লড়ব, আমরাই গড়ব স্বপ্নের সুশাসিত সমৃদ্ধ বাংলাদেশ। আমরাই হব এ জাতির কান্ডারি, হব ফররুখের পাঞ্জেরী। দেশের তরে প্রতিজন বন্ধু হব প্রতিক্ষণের সদা জাগ্রত সৈনিক।

এদেশ আমার, আমাদের। আমাদের স্বপ্নগুলো তাই শিল্পীর তুলির আঁচড়েই শুধু নয়, বাস্তবের সুকঠিন নিক্তিতে, ইস্পাতদৃঢ় চিত্তে আমরাই করব বাস্তব। আগামীর বাংলাদেশ হব আমরা, বন্ধুসভা।

লেখক, সাধারণ সম্পাদক, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ