রিয়াল মাদ্রিদ কীভাবে হয়ে উঠল ফুটবলের ‘রয়্যাল’ ক্লাব
ফুটবল–দুনিয়ায় অসংখ্য গল্প রয়েছে—কিংবদন্তি খেলোয়াড়দের গল্প, অবিশ্বাস্য গোলের গল্প, ট্রফি জয়ের গল্প, অথবা কোটি কোটি সমর্থকের ভালোবাসার গল্প। কিন্তু কিছু গল্প আছে, যা শুধু একজন ফুটবলপ্রেমীর হৃদয়েই নয়, পুরো ফুটবল ইতিহাসের আবেগের ভেতর জায়গা করে নেয়। যে গল্প একটি ক্লাবকে শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে দেওয়ার, ইউরোপিয়ান ফুটবলে আধিপত্য বিস্তারের, যে গল্প একটি সাধারণ ফুটবল দল থেকে বিশ্বজুড়ে রাজত্ব করা এক সাম্রাজ্যে পরিণত হওয়া ক্লাবের। সেই ইতিহাসের নাম ১৯০২ সালে জন্ম নেওয়া রিয়াল মাদ্রিদ।
প্রতিষ্ঠার পেছনের গল্প
উনিশ শতকের শেষভাগে যখন স্পেনে ফুটবল নতুন এক খেলা, তখন মাদ্রিদের কিছু শিক্ষাবিদ, ছাত্র এবং ইংল্যান্ডে পড়াশোনা করা তরুণেরা এই খেলাটিকে শহরে জনপ্রিয় করে তোলার উদ্যোগ নেন। বিশেষ করে কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করা কয়েকজন স্প্যানিশ তরুণ ইংল্যান্ড থেকে ফুটবলের প্রতি ভালোবাসা নিয়ে ফিরে আসেন এবং সেই আবেগ থেকেই ১৮৯৭ সালে প্রতিষ্ঠা করেন ‘স্কাই ফুটবল’ নামের একটি দল। সেই সময় মাদ্রিদে এটিই ছিল একমাত্র ফুটবল ক্লাব, যারা রবিবার সকালে মনক্লোয়ার মাঠে খেলত।
ফুটবল তখনো পেশাদার ক্রীড়া নয়; বরং শিক্ষিত ও উদারপন্থী তরুণদের এক নতুন সাংস্কৃতিক আন্দোলনের অংশ ছিল। কিন্তু স্বপ্ন যত বড় হয়, মতভেদও তত জন্ম নেয়। ১৯০০ সালে স্কাই ফুটবলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে কয়েকজন সদস্য আলাদা হয়ে যান। তাঁদের মধ্যেই ছিলেন হুলিয়ান পালাসিওস এবং দুই ভাই হুয়ান পাদ্রোস ও কার্লোস পাদ্রোস; যাঁরা পরবর্তী সময়ে রিয়াল মাদ্রিদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নামগুলোর একটি হয়ে ওঠেন। তাঁরা বিশ্বাস করতেন ফুটবল কেবল অভিজাতদের খেলা নয়; এটি এমন এক ক্রীড়া, যা সমাজের প্রতিটি শ্রেণির মানুষের জন্য উন্মুক্ত হওয়া উচিত। এই চিন্তা থেকেই গড়ে ওঠে ‘নুয়েভা সোসিয়েদাদ দে ফুটবল’। পরে ১৯০১ সালে ক্লাবটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাদ্রিদ ফুটবল ক্লাব’। ১৯০২ সালের ৬ মার্চ, হুয়ান পাদ্রোসের সভাপতিত্বে নতুন বোর্ড নির্বাচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ক্লাবটি।
সমর্থকদেরও ক্লাবের অংশীদারি করা
বলা হয়, পাদ্রোস ভাইয়েরা তাঁদের পারিবারিক ব্যবসা ‘আল কাপ্রিচো’-র পেছনের একটি ছোট ঘরে ফুটবলপ্রেমীদের নিয়ে বৈঠক করেছিলেন। সেখানেই জন্ম নেয় নতুন এক স্বপ্ন। সদস্য ফি নির্ধারণ করা হয় মাসে মাত্র দুই পেসেতা, যাতে সাধারণ মানুষও ক্লাবের অংশ হতে পারে। আর জার্সির রং হিসেবে বেছে নেওয়া হয় সাদা, ইংল্যান্ডের বিখ্যাত অপেশাদার ক্লাব করিনথিয়ান এফসির প্রতি সম্মান জানিয়ে। সেই সাদা জার্সিই পরবর্তী সময়ে লস ব্লাঙ্কোস পরিচয়ে বিশ্ব ফুটবলের সবচেয়ে রাজকীয় প্রতীক হয়ে ওঠে।
ক্লাবের নামে ‘রাজকীয়’ উপাধি
প্রতিষ্ঠার পর খুব দ্রুতই নিজেদের শক্তির জানান দিতে শুরু করে ক্লাবটি। মাত্র তিন বছরের মাথায়, ১৯০৫ সালে, মাদ্রিদ এফসি স্প্যানিশ কাপের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে জিতে নেয় নিজেদের প্রথম শিরোপা। ১৯০৯ সালে ক্লাব সভাপতি অ্যাডলফো মেলেন্দেজ রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রতিষ্ঠা চুক্তিতে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদ স্পেনের ফুটবল প্রশাসনের অন্যতম প্রতিষ্ঠিত ক্লাব হিসেবে স্বীকৃতি পায়। এই সময় ক্লাবটি বিভিন্ন মাঠে ঘুরে বেড়ানোর পর ১৯১২ সালে নিজেদের নতুন ঠিকানা ক্যাম্পো দে ও’ডোনেল-এ চলে আসে, যা ক্লাবের স্থায়িত্ব এবং সংগঠনের নতুন ভিত্তি তৈরি করে।
এরপর আসে ইতিহাস বদলে দেওয়া মুহূর্ত। ১৯২০ সালে স্পেনের রাজা আলফোনসো ত্রয়োদশ ক্লাবটিকে ‘রিয়াল’ উপাধি প্রদান করেন। স্প্যানিশ ভাষায় ‘রিয়াল’ অর্থ ‘রাজকীয়’। সেই মুহূর্ত থেকেই মাদ্রিদ ফুটবল ক্লাব হয়ে ওঠে ‘রিয়াল মাদ্রিদ ক্লাব দে ফুটবল’; যারা পরবর্তী সময়ে ফুটবল ইতিহাসে রাজত্ব, গৌরব এবং আধিপত্যের প্রতীকে পরিণত হয়।
সান্তিয়াগো বার্নাব্যু ও ইউরোপিয়ান ফুটবলে রাজত্ব
১৯৪৩ সালে সান্তিয়াগো বার্নাব্যু রিয়াল মাদ্রিদের সভাপতি হন, এবং তাঁর হাত ধরেই ক্লাবটি গৃহযুদ্ধ–পরবর্তী সংকট কাটিয়ে নতুনভাবে পুনর্গঠিত হয়। তাঁর সভাপতিত্বে নির্মিত হয় ক্লাবের আধুনিক স্টেডিয়াম ‘সান্তিয়াগো বার্নাব্যু’ এবং প্রশিক্ষণকেন্দ্র ‘সিউদাদ দেপোর্তিভা’। পরবর্তী সময়ে ১৯৫০–এর দশকে সাবেক খেলোয়াড় মিগেল মালবো প্রতিষ্ঠা করেন ক্লাবের যুব একাডেমি ‘কান্তেরা’, যা বর্তমানে ‘লা ফাব্রিকা’ নামে পরিচিত। ১৯৫৩ সাল থেকে বার্নাব্যু বিশ্বমানের বিদেশি খেলোয়াড় দলে ভেড়ানোর নীতি গ্রহণ করেন। এই নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম ছিলেন আলফ্রেডো ডি স্টেফানো, যিনি রিয়াল মাদ্রিদকে ইউরোপীয় ফুটবলের শীর্ষ শক্তিতে পরিণত করতে ভূমিকা রাখেন।
১৯৫৫ সালে ফরাসি সাংবাদিক গাব্রিয়েল হেনোটের ধারণা এবং বার্নাব্যুর সমর্থনে তৈরি হয় ইউরোপিয়ান কাপ, যা বর্তমানে উয়েফা চ্যাম্পিয়নস লিগ নামে পরিচিত। এই প্রতিযোগিতার প্রথম যুগেই রিয়াল মাদ্রিদ ইতিহাস গড়ে। ১৯৫৬ থেকে ১৯৬০ সাল পর্যন্ত টানা পাঁচবার ইউরোপিয়ান কাপ জিতে রিয়াল মাদ্রিদ ইউরোপীয় ফুটবলে অভূতপূর্ব আধিপত্য প্রতিষ্ঠা করে। এই সময়ের সবচেয়ে স্মরণীয় ম্যাচ ছিল ১৯৬০ সালের ফাইনাল; যেখানে তারা আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৭-৩ গোলে হারায়। টানা পাঁচটি শিরোপা জয়ের পর উয়েফা স্থায়ীভাবে মূল ট্রফিটি রিয়াল মাদ্রিদকে প্রদান করে এবং ক্লাবটি বিশেষ সম্মানসূচক ব্যাজ পরার অধিকার অর্জন করে।
গ্যালাকটিকোস যুগ
১৯৬০-এর দশকে ‘ইয়ে-ইয়ে’ প্রজন্মের নেতৃত্বে, যার অধিনায়ক ছিলেন আমানসিও আমারো। রিয়াল মাদ্রিদ ১৯৬৬ সালে নিজেদের ষষ্ঠ ইউরোপিয়ান কাপ জয় করে এবং ইউরোপীয় ফুটবলে নিজেদের রাজত্ব আরও দৃঢ় করে। এরপর সময় এগিয়েছে, এসেছে নতুন প্রজন্ম। ১৯৬৬ সালের ‘ইয়ে-ইয়ে’ দল, ১৯৮০-এর দশকের ‘লা কুইন্তা দেল বুইত্রে’—প্রতিটি যুগেই ক্লাবটি নিজেকে নতুনভাবে গড়ে তুলেছে।
ট্রান্সফার মার্কেটেও ক্লাব ইতিহাস তৈরি করে। ২০০০-এর দশকে ফুটবল বদলে যায় এক নতুন ধারণায়—সুপারস্টারদের একত্র করা। রিয়াল মাদ্রিদ এই সময় শুরু করে ‘গ্যালাকটিকোস’ যুগ। লুইস ফিগো, জিনেদিন জিদান, রোনালদো নাজারিও, ডেভিড বেকহ্যাম—ফুটবলের সবচেয়ে বড় নামগুলো একে একে সাদা জার্সি গায়ে জড়ায়। সেই সময় ক্লাব শুধু খেলোয়াড় কিনছিল না, বরং ফুটবলের সবচেয়ে বড় তারকাদের এক ছাদের নিচে আনছিল। এই ট্রান্সফার নীতিই বিশ্ব ফুটবলের অর্থনীতি বদলে দেয়। জিনেদিন জিদানের ট্রান্সফার, পরবর্তী সময়ে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ভাঙা চুক্তি, গ্যারেথ বেলের প্রায় ১০০ মিলিয়ন ইউরোর দলবদল—সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ হয়ে ওঠে ট্রান্সফার মার্কেটের সবচেয়ে প্রভাবশালী ক্লাব।
এই তারকাদের মধ্যেই তৈরি হয় ব্যক্তিগত রেকর্ডের রাজত্ব। ক্রিস্টিয়ানো রোনালদো ৪৫০ গোল করে ক্লাব ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হন। রাউল ৭৪১ ম্যাচ খেলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েন। ইকার ক্যাসিয়াস ৭২৫ ম্যাচ খেলে গোলরক্ষকদের মধ্যে ইতিহাস তৈরি করেন। সার্জিও রামোস রক্ষণভাগ থেকে উঠে এসে গুরুত্বপূর্ণ গোল করে নিজেকে কিংবদন্তিতে পরিণত করেন। এই ক্লাবটির সংস্পর্শে এসে সব খেলোয়াড়ই নিজেদের অন্য রকম করে আবিষ্কার করেছেন।
শিরোপা ও রেকর্ড
আজ পর্যন্ত ক্লাবটি রেকর্ড ১৫টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ/ইউরোপিয়ান কাপ জয় করেছে, যা অন্য যেকোনো ক্লাবের তুলনায় অনেক বেশি। ১৯৫৬ সালে প্রথম ইউরোপিয়ান কাপ জয়ের মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছিল, সেটি ধীরে ধীরে ফুটবল ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়ে পরিণত হয়। আলফ্রেডো ডি স্টেফানোর যুগ থেকে শুরু করে ক্রিস্টিয়ানো রোনালদো ও জিনেদিন জিদানের আধুনিক যুগ অধিকাংশ সময়েই রিয়াল মাদ্রিদ ইউরোপের ফুটবলকে শাসন করেছে। বিশেষ করে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জয় ফুটবল ইতিহাসে বিরল ও প্রায় অসম্ভব এক কীর্তি হিসেবে বিবেচিত।
শুধু ইউরোপ নয়, স্প্যানিশ ফুটবলেও ক্লাবটির আধিপত্য অসাধারণ। আজ পর্যন্ত রিয়াল মাদ্রিদ রেকর্ড ৩৬টি লা লিগা, ২০টি কোপা দেল রে, ১৩টি স্প্যানিশ সুপার কাপ, ১টি কোপা এভা দুয়ার্তে এবং ১টি কোপা দে লা লিগা শিরোপা জিতেছে। ঘরের মাঠে দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড, শতাধিক বছরের ধারাবাহিক সাফল্যের রেকর্ড তো আছেই। আন্তর্জাতিক ও বৈশ্বিক প্রতিযোগিতাতেও ক্লাবটির সাফল্য সমানভাবে বিস্ময়কর। আজ পর্যন্ত রিয়াল মাদ্রিদ জিতেছে ৯টি ফিফা ক্লাব বিশ্বকাপ, ৬টি উয়েফা সুপার কাপ, ৩টি ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং ২টি উয়েফা কাপ/ইউরোপা লিগ শিরোপা। সব মিলিয়ে ক্লাবটি আজ পর্যন্ত অফিশিয়ালি মোট ১০৬টি বড় শিরোপা জিতেছে, যা বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা অর্জন হিসেবে বিবেচিত হয়।
আর্থিক দিক থেকেও ক্লাবটি এক অনন্য দৃষ্টান্ত। বিশ্বে প্রথম ফুটবল ক্লাব হিসেবে এক বছরে ১ বিলিয়ন ইউরোর বেশি আয় করে তারা প্রমাণ করেছে যে আধুনিক ফুটবল শুধু খেলা নয়, বরং একটি গ্লোবাল ইন্ডাস্ট্রি। জার্সি বিক্রি, স্পনসরশিপ, মিডিয়া রাইটস—সব ক্ষেত্রেই ক্লাবটি র্যাংকিংয়ের শীর্ষ অবস্থান ধরে রাখতে পেরেছে। এই পুরো কাঠামোর পেছনে রয়েছে অনন্য মালিকানা মডেল ‘সোসিওস’ সিস্টেম। এই সিস্টেমের মধ্যে ক্লাবের মালিক কোনো ব্যক্তি বা কোম্পানি নয়, বরং সমর্থকেরাই ক্লাবের প্রকৃত মালিক। এই গণতান্ত্রিক কাঠামোই রিয়াল মাদ্রিদকে অন্য ক্লাব থেকে আলাদা করে তোলে।
রিয়াল মাদ্রিদ ক্লাবটি ফুটবল–দুনিয়ায় যেই সাম্রাজ্য গড়ে তুলেছে, তা এখনো অনেক ক্লাবের কাছে শুধুই স্বপ্ন। স্প্যানিশ এই ক্লাবটি প্রমাণ করেছে, ফুটবলে রাজত্ব তৈরি হয়, আধিপত্যের গল্প লেখা হয় শুধু খেলোয়াড় বা খেলা দিয়ে নয়, বরং অফুরন্ত স্বপ্ন, সূক্ষ্ম পরিকল্পনা ও চেষ্টার অবিচল ধারার মাধ্যমে। তাই ফুটবল ইতিহাসে একটা কথা বারবার চিরন্তন সত্য হিসেবে থেকে যায়—রাজা বদলায়, কিন্তু রাজত্বের নাম থাকে একই: রিয়াল মাদ্রিদ।
বন্ধু, ভৈরব বন্ধুসভা