সম্প্রীতির বন্ধনে গাজীপুর বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচ
সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য আরও দৃঢ় করার পাশাপাশি বন্ধুদের মধ্যে খেলাধুলার চর্চা ও সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করতে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে গাজীপুর বন্ধুসভা। গত ৩১ আগস্ট রাতে নগরীর স্পোর্টসম্যানিয়া মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত হন বন্ধুরা। সবাই ‘প্রথম দল’ ও ‘দ্বিতীয় দল’ নামে দুটি দলে ভাগ হয়ে খেলায় অংশ নেন। বাঁশির সঙ্গে সঙ্গে মাঠজুড়ে শুরু হয় প্রতিদ্বন্দ্বিতা। একের পর এক আক্রমণ, গোলের সুযোগ, দর্শকের উচ্ছ্বাস ও বন্ধুদের উৎসাহে পুরো সময়জুড়ে মাঠে ছিল প্রাণচাঞ্চল্য।
ম্যাচের শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও প্রথম দল দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৪টি গোল করে। বিপরীতে দ্বিতীয় দল ২টি গোল করতে সক্ষম হয়। ফলে ৪–২ গোলের ব্যবধানে প্রথম দল জয়লাভ করে।
তবে ম্যাচের ফলাফলের চেয়েও বড় হয়ে ওঠে বন্ধুদের পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও আনন্দ ভাগ করে নেওয়ার মুহূর্তগুলো। মাঠে ছিল প্রতিযোগিতা, আর মাঠের বাইরে ছিল বন্ধুত্বের উষ্ণতা।
এ বিষয়ে সভাপতি বাবুল ইসলাম বলেন, ‘ফুটবল আমাদের কাছে শুধু একটি খেলা নয়, এটি একে অপরের সঙ্গে বন্ধুত্ব ও সম্পর্ক আরও গভীর করার একটি সুন্দর মাধ্যম। আজকের আয়োজনের মাধ্যমে সবাই একসঙ্গে আনন্দ করার পাশাপাশি নতুনভাবে কাছাকাছি আসার সুযোগ পেয়েছি।’
সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, ‘প্রথম আলো বন্ধুসভার সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি খেলাধুলার এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। জয়-পরাজয়ের বাইরে আজকের সবচেয়ে বড় প্রাপ্তি হলো বন্ধুদের সঙ্গে সুন্দর কিছু সময় কাটানো।’
সহসভাপতি আশিকুর ইসলাম খান বলেন, ‘মাঠে দুই দলের মধ্যে দারুণ প্রতিযোগিতা হয়েছে। কিন্তু পুরো খেলায় পারস্পরিক সম্মান ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় ছিল। এ ধরনের আয়োজন আমাদের সাংগঠনিক বন্ধন আরও শক্তিশালী করে।’
কার্যনির্বাহী সদস্য মোশারফ হোসেন বলেন, সুস্থ শরীর ও সুন্দর মন গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি বন্ধুদের মধ্যে যোগাযোগ ও সম্প্রীতি বাড়াতেও খেলাধুলা কার্যকর। তাই ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত হওয়া উচিত।
সাধারণ সম্পাদক, গাজীপুর বন্ধুসভা