জুলাই শহীদদের স্মরণে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ

খেলা শেষে গাজীপুর বন্ধুসভা ও মুসাফির ইশকুলের সদস্যরাছবি: বন্ধুসভা

জুলাইয়ের চেতনায় মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে গাজীপুর বন্ধুসভা। ৫ আগস্ট সন্ধ্যায় গ্রিনারি স্পোর্টস অ্যারেনায় অনুষ্ঠিত জুলাই শহীদদের স্মরণে মাদকবিরোধী এই প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় গাজীপুর বন্ধুসভা ও মুসাফির ইশকুল।

খেলায় দুই দলের খেলোয়াড়েরা দারুণ নৈপুণ্য, শৃঙ্খলা, পারস্পরিক সম্মান ও খেলোয়াড়সুলভ মনোভাবের পরিচয় দেন। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, আর দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

খেলার শুরুতে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। বক্তারা বলেন, ‘জুলাই শুধু একটি মাস নয়, এটি সাহস, আত্মত্যাগ, গণমানুষের অধিকার ও নতুন বাংলাদেশের স্বপ্নের প্রতীক। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত চেতনাকে ধারণ করে একটি মাদকমুক্ত, মানবিক ও সচেতন সমাজ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।’

খেলার একটি দৃশ্য
ছবি: বন্ধুসভা

শুরু থেকেই পাল্টাপাল্টি আক্রমণে জমে ওঠে খেলা। দুই দলই একাধিক গোলের সুযোগ সৃষ্টি করলেও শেষ পর্যন্ত লড়াইটি ১–১ গোলের সমতায় শেষ হয়।

গাজীপুর বন্ধুসভার সভাপতি বাবুল ইসলাম বলেন, ‘জুলাইয়ের শহীদেরা আমাদের শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে সাহস নিয়ে দাঁড়াতে। আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ শুধু একটি খেলা নয়, এটি শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা, তরুণদের ঐক্য ও মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার। আমরা চাই, তরুণেরা মাঠে থাকুক, মাদকের অন্ধকারে নয়।’

সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, ‘মাদক একটি জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে, আর খেলাধুলা সেই ভবিষ্যৎকে আলোকিত করে। তাই মাদককে “না” বলি খেলাধুলাকে “হ্যাঁ” বলি। এই বার্তা সমাজের প্রতিটি তরুণের কাছে পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সুস্থ, সচেতন ও মানবিক তরুণ সমাজ তৈরি করতে হবে।’

গাজীপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

মুসাফির ইশকুলের সভাপতি ইমরান হোসেন বলেন, ‘প্রথম আলো বন্ধুসভার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। খেলাধুলা মানুষের মধ্যে বন্ধুত্ব, শৃঙ্খলা ও সৌহার্দ্য গড়ে তোলে। এমন আয়োজন তরুণদের ইতিবাচক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।’

দর্শক তানজিনা জেরিন বলেন, ‘মাদকবিরোধী আন্দোলনের একটি কার্যকর মাধ্যম হতে পারে খেলাধুলা। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করে।’

খেলোয়াড় মোশারফ হোসেন বলেন, ‘আজকের ম্যাচ আমাদের কাছে শুধু জয়–পরাজয়ের নয়, বরং বন্ধুত্ব, দায়িত্ববোধ এবং জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি সুন্দর উপলক্ষ। এমন আয়োজন নিয়মিত হলে তরুণেরা আরও বেশি খেলাধুলার প্রতি আগ্রহী হবে।’

গাজীপুর বন্ধুসভা বিশ্বাস করে, জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ একটি সচেতন, সুস্থ ও মাদকমুক্ত তরুণ সমাজই আগামীর সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি।