কাতার বন্ধুসভার উদ্যোগে চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট

টুর্নামেন্টের উদ্বোধন করেন দোহায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আবদুল্লাহ আল রাজি
ছবি: বন্ধুসভা

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় ও মানবিক কার্যক্রমে সহযোগিতার হাত বাড়ানোর লক্ষ্যে চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে কাতার বন্ধুসভা। ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাতারের দোহায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দ্বিতীয়বারের মতো এ টুর্নামেন্টের পর্দা ওঠে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন দোহায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আবদুল্লাহ আল রাজি। তিনি প্রবাসে এ ধরনের ক্রীড়া ও সামাজিক উদ্যোগকে প্রশংসনীয় বলে মন্তব্য করেন। এ সময় কাতার বন্ধুসভার বন্ধুরা ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দ্বিতীয়বারের মতো এ টুর্নামেন্টের আয়োজন করেছে কাতার বন্ধুসভা
ছবি: বন্ধুসভা

উদ্বোধনী ম্যাচে ব্রাদার্স এফসির বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নেয় সিলেট ইউনিটি ক্লাব। ম্যাচের শুরু থেকেই সিলেট ইউনিটি ক্লাব আক্রমণাত্মক খেলায় আধিপত্য বিস্তার করে ও দারুণ দুটি গোলের মাধ্যমে বিজয় নিশ্চিত করে।

প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে আল টাইস ১-০ গোলে পরাজিত করে এফসি ফেনীকে। তৃতীয় ম্যাচে দক্ষিণ রাঙ্গুনিয়া দারুণ পারফরম্যান্স দেখিয়ে ৫-২ গোলে মাদারীপুর দলকে হারায়। দিনের চতুর্থ ও শেষ ম্যাচে সিলেট সুপারস্টার ২-০ গোলে মাইজার এমএফসিকে পরাজিত করে। এই চারটি ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের প্রথম দিনের খেলা শেষ হয়।

কাতার বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেকটি দলের হাতে সম্মাননা স্মারক হিসেবে সার্টিফিকেট প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই চ্যারিটি টুর্নামেন্টের মূল লক্ষ্য হলো প্রবাসে সামাজিক বন্ধন দৃঢ় করা ও মানবিক কার্যক্রমে সহযোগিতা করা।

কাতার বন্ধুসভার এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। খেলাকে কেন্দ্র করে প্রবাসে এক মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন, যা অংশগ্রহণকারী ও দর্শকদের মধ্যে স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

সাধারণ সম্পাদক, কাতার বন্ধুসভা