বন্ধুত্ব মানে শুধু আড্ডা নয়, একসঙ্গে পথচলার অনুপ্রেরণাও। সেই ভাবনা থেকেই দীর্ঘদিন ধরে ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন করে আসছে চট্টগ্রাম বন্ধুসভা। বন্ধুদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিতের পাশাপাশি পারস্পরিক বন্ধনকে দৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান তাঁরা।
এরই ধারাবাহিকতায় ১০ ফেব্রুয়ারি রাতে নগরীর ২ নম্বর গেট এলাকার চট্টটার্ফ মাঠে প্রীতি ফুটবল ম্যাচে দুই দলে ভাগ হয়ে অংশ নেন বন্ধুরা।
অনিক একাদশের নেতৃত্বে ছিলেন সাধারণ সম্পাদক ইরফাতুর রহমান। এই দলের অন্য সদস্যরা হলেন—উপদেষ্টা শিহাব জিশান, প্রচার সম্পাদক সাকিব জিশান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আফিফ ইব্রাহিম, বন্ধু মহসিন শিকদার ও আতৃহার রহমান। অপর দিকে তানভীর একাদশের নেতৃত্বে ছিলেন সহসভাপতি ইব্রাহিম তানভীর। এই দলের অন্য সদস্যরা হলেন—উপদেষ্টা ফাহিম উদ্দিন, সহসভাপতি নুরুজ্জামান খান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শান্ত বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য শাওন রায়।
রাত ৮টায় বাঁশির শব্দে খেলা শুরু হয়। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়েরা আক্রমণ–পাল্টা আক্রমণে জমিয়ে তোলেন মাঠের লড়াই। দ্রুত পাস, নিখুঁত শট আর দারুণ গোলরক্ষণের দক্ষতায় ম্যাচে তৈরি হয় টান টান উত্তেজনা।
এক ঘণ্টার নির্ধারিত সময়ে কয়েকবার সমতায় ফেরে ম্যাচের ফল। প্রতিটি গোলের পরই গ্যালারিতে উপস্থিত বন্ধুদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরো মাঠে। খেলোয়াড়দের পারস্পরিক সমন্বয় ও ক্রীড়াসুলভ মনোভাব ম্যাচটিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও সৌহার্দ্যময় করে তোলে। শেষ পর্যন্ত ৪–৩ গোলের ব্যবধানে অনিক একাদশের বিপক্ষে জয় নিশ্চিত করে তানভীর একাদশ।
খেলা শেষে উপদেষ্টা শিহাব জিশান বলেন, ‘ফুটবল সারা পৃথিবীর মানুষকে বন্ধুত্বের সুতায় গেঁথে রাখে। আমরা ক্রীড়াচর্চার মাধ্যমে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করতে চাই। এমন আয়োজন আমাদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।’
উপদেষ্টা, চট্টগ্রাম বন্ধুসভা