ব্যাডমিন্টন কোর্টে বন্ধুত্ব আর বন্ধুসভা

চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ছবি: বন্ধুসভা

মাঘের প্রায় শেষের দিকে এসে প্রকৃতি থেকে বিদায় নেওয়ার দ্বারপ্রান্তে শীত। এমনই এক সন্ধ্যায় যান্ত্রিক ব্যস্ততা ভুলে বন্ধুত্বের উষ্ণতায় মেতে ওঠেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা। ৩১ জানুয়ারি সন্ধ্যায় বন্দরনগরীর চান্দগাঁওয়ে ফরচুন স্পোর্টস অ্যারেনায় বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট।

শরীরচর্চার পাশাপাশি বন্ধুদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই এই বিশেষ আয়োজন। উৎসবমুখর এই টুর্নামেন্টে কয়েকটি দলে ভাগ হয়ে অংশ নেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা।

খেলোয়াড় হিসেবে অংশ নেন সহসভাপতি ইব্রাহিম তানভীর, সাধারণ সম্পাদক ইরফাতুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সহসাংগঠনিক সম্পাদক এ আর আছাদ, কার্যনির্বাহী সদস্য শাওন রায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইনজামাম ইসলাম, প্রচার সম্পাদক সাকিব জিশান, বইমেলা সম্পাদক সামিয়া সুলতানা, বন্ধু আবদুল্লাহ আল মাসুম, আশরাফুর রহমান ও রুবাইদ আলম। উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন আরও অনেকে।

শীতকালীন এই খেলা বন্ধুদের মনে বাড়তি আনন্দের সঞ্চার করেছে
ছবি: বন্ধুসভা

দুজন করে সদস্য নিয়ে আলাদা আলাদা দল গঠন করা হয়। লিগ পর্যায়ের প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার সুযোগ পায়, যা পুরো টুর্নামেন্টে টানটান উত্তেজনা সৃষ্টি করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রাথমিক রাউন্ড শেষে ফাইনালের মঞ্চে মুখোমুখি হয় মাসুদ রানা-এ আর আছাদ জুটি এবং ইব্রাহিম তানভীর-শাওন রায় জুটি। শিরোপা নির্ধারণী ম্যাচে উভয় পক্ষ দুর্দান্ত দক্ষতা দেখালেও শেষ পর্যন্ত কৌশলী ও আক্রমণাত্মক খেলে জয় ছিনিয়ে নেয় ইব্রাহিম তানভীর ও শাওন রায় জুটি।

বন্ধুরা জানান, শীতকালীন এই খেলা মনে বাড়তি আনন্দের সঞ্চার করেছে। কেবল শরীরচর্চা নয়, বরং সাংগঠনিক কাজের বাইরে এমন আয়োজন বন্ধুদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনে। আনন্দ-আড্ডা আর উৎসবের আমেজে শেষ হয় এই প্রীতি টুর্নামেন্ট। আয়োজনের সমন্বয়কারী হিসেবে ছিলেন প্রচার সম্পাদক সাকিব জিশান ও বন্ধু আশরাফুর রহমান।

দপ্তর সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা