তিন ঘণ্টার দাবা যুদ্ধে শেষ হাসি আনিকার

দিনাজপুর বন্ধুসভার দাবা প্রতিযোগিতাছবি: বন্ধুসভা

মেধা, মনন ও কৌশলগত দক্ষতা বিকাশের লক্ষ্যে দাবা প্রতিযোগিতার আয়োজন করেছে দিনাজপুর বন্ধুসভা। ৩০ অক্টোবর বিকেলে প্রথম আলো দিনাজপুর অফিসে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বেলা ২টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলে প্রতিযোগিতা। শুরুতে অংশগ্রহণকারী বন্ধুদের চারটি গ্রুপে বিভক্ত করে খেলা পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে কয়েকটি রাউন্ডের মধ্য দিয়ে প্রতিযোগিরা নিজেদের মেধা, ধৈর্য ও কৌশলগত দক্ষতার পরিচয় দেন। প্রতিটি রাউন্ড শেষে বিজয়ীরা পরবর্তী পর্বে উত্তীর্ণ হন।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়
ছবি: বন্ধুসভা

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কয়েকটি পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে মুখোমুখি হন বন্ধু আনিকা তাসনীম ও রাকিব সরকার। ফাইনালে রাকিব সরকারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন আনিকা তাসনীম। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সভাপতি শবনম মুস্তারিন বলেন, ‘দাবা কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি মেধা, বুদ্ধিমত্তা, ধৈর্য ও কৌশলগত চিন্তাভাবনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দাবার প্রতিটি চালের পেছনে যেমন পরিকল্পনা ও দূরদর্শিতার প্রয়োজন হয়, তেমনি ব্যক্তিজীবনেও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন তরুণদের চিন্তাশক্তি ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াতে সহায়ক।’

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়
ছবি: বন্ধুসভা

সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র রায় বলেন, ‘পড়াশোনা ও সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি বন্ধুদের সৃজনশীল ও বুদ্ধিবৃত্তিক চর্চায় সম্পৃক্ত করতেই আমাদের এ আয়োজন। এর মাধ্যমে বন্ধুদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব, পারস্পরিক সৌহার্দ্য ও সৃজনশীল চিন্তাধারার বিকাশ ঘটবে—এমনটাই আমাদের প্রত্যাশা।’

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বন্ধু জাহিন নেওয়াজ, সাহাদাত হোসেন, আরিয়ানা চৌধুরী, আল আবিক, সাব্বির হাসান ও আল আমিন।

সাধারণ সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা