হার-জিত যা–ই হোক, দিন শেষে জয় বন্ধুত্বের

চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচছবি: বন্ধুসভা

মাঘের শেষ বেলায় আচমকা জেঁকে বসা হিমশীতল হাওয়াও কমাতে পারেনি মাঠের উত্তাপ। বন্দরনগরীর বাকলিয়ায় জিআর স্পোর্টস অ্যারেনা তখন মুখর বন্ধুদের উল্লাসে। উপলক্ষ, চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুদের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ। মাঠের লড়াইয়ে মুহুর্মুহু বাঁকবদল আর টান টান উত্তেজনা শেষে ৬-৪ ব্যবধানে জয় তুলে নেয় ফাহিম একাদশ।

৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় শিহাব একাদশ বনাম ফাহিম একাদশ। মাঠের লড়াই শুরু হতেই আধিপত্য বিস্তার করে ফাহিম একাদশ। ম্যাচের প্রথম ২০ মিনিটের মধ্যেই দলপতি ফাহিম উদ্দিনের জোড়া গোল এবং বন্ধু মহসীন শিকদারের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।

তবে দমে যায়নি শিহাব একাদশ। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সবাইকে চমকে দেয়। বন্ধু শান্ত বড়ুয়ার গোলে প্রথম ব্যবধান কমায় দলটি। এরপর শান্তর সহায়তায় বন্ধু ইব্রাহিম তানভীর বল জালে জড়ালে স্কোরলাইন দাঁড়ায় ৩-২। এই রোমাঞ্চকর ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরেই ম্যাচে সমতা ফেরায় শিহাব একাদশ। ব্যক্তিগত দ্বিতীয় গোল করে দলকে ৩-৩ সমতায় ফেরান শান্ত। এরপর ফাহিম একাদশের আতৃহার রহমান গোল করে দলকে পুনরায় লিড এনে দিলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ব্যক্তিগত দ্বিতীয় গোল করে শিহাব একাদশকে আবার সমতায় (৪-৪) ফেরান তানভীর।

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হন মহসীন শিকদার। খেলার অন্তিমলগ্নে পরপর দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি ফাহিম একাদশকে ৬-৪ গোলের এক অবিস্মরণীয় জয় উপহার দেন তিনি।

খেলা শেষে চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা ফাহিম উদ্দিন এমন উত্তেজনাকর ও আনন্দময় আয়োজনের ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। সাধুবাদ জানিয়ে একই সুরে কথা বলেন আরেক উপদেষ্টা শিহাব জিশান।

হার-জিত যা–ই হোক, দিন শেষে জয় বন্ধুত্বের হয়েছে জানিয়ে সাধারণ সম্পাদক ইরফাতুর রহমান বলেন, বন্ধুদের মধ্যে ভ্রাতৃত্ব ও সংহতি বাড়াতে চট্টগ্রাম বন্ধুসভা নিয়মিত এ ধরনের আয়োজন আগেও করেছে এবং ভবিষ্যতেও করে যাবে।

খেলার সমন্বয়কের দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক ইরফাতুর রহমান এবং মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আফিফ ইব্রাহীম। মাঠে দুই দলের হয়ে আরও লড়েছেন সহসভাপতি ইব্রাহিম তানভীর, প্রচার সম্পাদক সাকিব জিশান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শান্ত বড়ুয়া ও বন্ধু আতৃহার রহমান।

মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা