নারী ফুটবলের উৎসবে মুখর রংপুর

প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর রংপুর বিভাগীয় পর্বছবি: বন্ধুসভা

রংপুরে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর রংপুর বিভাগীয় পর্ব। শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে ২৬ ও ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ পর্বে পাঁচটি নারী ফুটবল একাডেমি অংশ নেয়। শেষ দিনে পঞ্চগড়ের টুকু ফুটবল একাডেমিকে ৫–০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমি।

২৬ সেপ্টেম্বর বেলুন উড়িয়ে টুর্নামেন্টের রংপুর পর্বের উদ্বোধন করা হয়। এদিন মাঠে গড়ায় দুটি ম্যাচ। দুই ম্যাচই নির্ধারিত ৭০ মিনিটে ১–১ গোলে সমতায় শেষ হয়। পরে টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি হয়। প্রথম ম্যাচে পঞ্চগড়ের টু স্টার ফুটবল একাডেমি ৫–৪ গোলে রংপুরের সদ্যপুষ্করিণী এসসিকে হারায়। দ্বিতীয় ম্যাচে পঞ্চগড়ের টুকু ফুটবল একাডেমি টাইব্রেকারে ৪–১ গোলে নীলফামারীর ওহাব ফুটবল একাডেমিকে হারিয়ে আঞ্চলিক ফাইনালে ওঠে।

বেলুন উড়িয়ে টুর্নামেন্টের রংপুর পর্বের উদ্বোধন
ছবি: বন্ধুসভা

দ্বিতীয় দিন সকালে টু স্টার ফুটবল একাডেমির মুখোমুখি হয় ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমি। ম্যাচে ২–০ গোলে জয় পায় রাঙ্গাটুঙ্গী। দলের হয়ে গোল করেন চন্দনা রানী ও মিরা ইসলাম। ম্যাচে রাঙ্গাটুঙ্গীর হয়ে অতিথি খেলোয়াড় হিসেবে মাঠে ছিলেন জাতীয় দলের সাবেক তারকা সানজিদা আক্তার। তাঁর উপস্থিতি দলের আক্রমণভাগে বাড়তি গতি এনে দেয়। ম্যাচসেরাও হন সানজিদা।

এরপর বিকেলে একই মাঠে অনুষ্ঠিত হয় আঞ্চলিক ফাইনাল। মুখোমুখি হয় রাঙ্গাটুঙ্গী ও টুকু ফুটবল একাডেমি। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ঠাকুরগাঁওয়ের দলটি। ম্যাচের চতুর্থ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন কাকলী আক্তার। ১৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।

রাঙ্গাটুঙ্গীর হয়ে অতিথি খেলোয়াড় হিসেবে মাঠে ছিলেন জাতীয় দলের তারকা সানজিদা আক্তার
ছবি: বন্ধুসভা

এর পাঁচ মিনিটের মধ্যেই আরও দুই গোল করে ব্যবধান বাড়ান সানজিদা আক্তার। ২১ ও ২৬ মিনিটে করা তাঁর জোড়া গোলে প্রথমার্ধেই ৪–০ ব্যবধানে এগিয়ে যায় রাঙ্গাটুঙ্গী। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও গোলের দেখা পায়নি টুকু। ম্যাচের শেষ দিকে খুশী রানীর গোলে ৫–০ ব্যবধানের জয় নিশ্চিত হয় রাঙ্গাটুঙ্গীর। জোড়া গোল করে ম্যাচসেরা হন কাকলী আক্তার।

এই জয়ের মধ্য দিয়ে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠা প্রথম দল হলো রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমি। টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ঢাকার সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে।

দুই দিন ধরে নারী ফুটবলারদের পদচারণে মুখর ছিল শহীদ আবু সাঈদ স্টেডিয়াম। প্রত্যন্ত অঞ্চল থেকে আসা কিশোরী ফুটবলারদের জন্য এমন প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ ছিল বিশেষ অভিজ্ঞতার। রাঙ্গাটুঙ্গীর হয়ে খেলা সানজিদা আক্তারও এ আয়োজনের প্রশংসা করে বলেন, ‘এতে গ্রামের মেয়েরা আরও অনুপ্রাণিত হবে।’

খেলা শেষে রংপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান নারী ফুটবলার খুঁজে বের করার লক্ষ্য নিয়ে প্রথম আলো ও স্টার নিউজের যৌথ আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। বাফুফের ওয়ান স্টারভুক্ত ৩৬টি নারী ফুটবল একাডেমি দেশের ছয়টি অঞ্চলে এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ভবিষ্যতে এসব একাডেমি থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের বয়সভিত্তিক জাতীয় দল ও জাতীয় দলের পাইপলাইনে যুক্ত করার সুযোগ তৈরি হবে বলে আয়োজকদের প্রত্যাশা।

রংপুর অঞ্চলের এ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতায় ছিল রংপুর বন্ধুসভা। টুর্নামেন্টের দুই দিনই বন্ধুসভার স্বেচ্ছাসেবকেরা মাঠ ব্যবস্থাপনা, অতিথি ও খেলোয়াড়দের সমন্বয়, শৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন সাংগঠনিক কাজে সহযোগিতা করেন।

রংপুর পর্ব শেষ হওয়ার পর টুর্নামেন্টের পরবর্তী গন্তব্য রাজশাহী। ৩০ সেপ্টেম্বর রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে রাজশাহী অঞ্চলের খেলা।

সাধারণ সম্পাদক, রংপুর বন্ধুসভা