খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে

ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়েরাছবি: বন্ধুসভা

ফুটবল–বিশ্বে ব্রাজিল-আর্জেন্টিনা মানেই এক অন্য রকম আবেগ, উন্মাদনা ও প্রতিদ্বন্দ্বিতা। বিশ্বকাপের মাঠ থেকে শুরু করে সাধারণ ফুটবলপ্রেমীদের আড্ডা সবখানেই এই দুই দলের সমর্থকদের মধ্যে থাকে বাড়তি উত্তেজনা। সেই বৈশ্বিক ফুটবল আবহকে ঘিরে গাজীপুর বন্ধুসভা আয়োজন করেছে প্রীতি ফুটবল ম্যাচ।

১২ জুন সন্ধ্যা সাতটায় গাজীপুরের বিওএফ শিমুলতলীতে অবস্থিত আর্সেনাল ফুটসাল গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় এ ম্যাচ। এতে বন্ধুসভার বন্ধুরা সভাপতি বাবুল ইসলাম ও সাধারণ সম্পাদক আরিফ হোসেনের নেতৃত্বে ব্রাজিল ও আর্জেন্টিনা নামের দুই দলে ভাগ হয়ে অংশ নেন।

খেলা শুরুর আগে থেকেই মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দুই দলের সমর্থকেরা নিজ নিজ দলের জার্সি পরে, স্লোগান ও করতালির মাধ্যমে প্রিয় দলকে উৎসাহ দিতে থাকেন। দর্শকদের উপস্থিতি ও উচ্ছ্বাস পুরো মাঠকে পরিণত করে এক প্রাণবন্ত উৎসবে। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। দ্রুতগতির আক্রমণ, নিখুঁত পাসিং ও গোলের সুযোগে দর্শকদের মধ্যে সৃষ্টি হয় টানটান উত্তেজনা। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে ব্রাজিল দল। দারুণ নৈপুণ্য প্রদর্শন করে আর্জেন্টিনাকে ৬-১ গোলের ব্যবধানে পরাজিত করে তারা।

সভাপতি বাবুল ইসলাম বলেন, ‘তরুণদের সুস্থ বিনোদন, ক্রীড়াচর্চা ও পারস্পরিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। ফুটবল মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে, যা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, ‘খেলার মাধ্যমে আমরা শুধু বিনোদনই নয়, বরং সৌহার্দ্য, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা করতে চাই। আজকের এই আয়োজন সফল করতে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

খেলোয়াড় ও দর্শকদের অনুভূতি
খেলোয়াড় নাছির উদ্দীন বলেন, এটি শুধু একটি ম্যাচ ছিল না, বরং বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার একটি সুন্দর উপলক্ষ।

খেলোয়াড় তারিকুল ইসলাম বলেন, ‘মাঠে প্রতিদ্বন্দ্বিতা ছিল, কিন্তু খেলা শেষে সবাই একসঙ্গে আনন্দ করেছি। এটাই খেলাধুলার প্রকৃত সৌন্দর্য।’

ম্যাচের একটি দৃশ্য।

খেলোয়াড় মোশাররফ হোসেন বলেন, ‘এ ধরনের আয়োজন আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে। খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠন সম্ভব। আর এমন উদ্যোগ তরুণদের ইতিবাচক কাজে উৎসাহিত করে।’

দর্শক আবিদা সুলতানা বলেন, ‘পুরো আয়োজনটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল ছিল। খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।’

দর্শক রাহুল হোসেন বলেন, এ ধরনের আয়োজন তরুণদের মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে।

ট্রফি প্রদান ও পুরস্কার বিতরণ
খেলা শেষে বিজয়ী ব্রাজিল দলের হাতে আকর্ষণীয় চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়। করতালির মাধ্যমে খেলোয়াড় ও দর্শকদের অভিনন্দন জানানো হয়।

এ সময় প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সব বন্ধু, খেলোয়াড়, আয়োজক ও দর্শকদের ধন্যবাদ জানান। তিনি বিজয়ী ব্রাজিল দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে। প্রথম আলো বন্ধুসভার এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।’