কালো রঙের প্রচ্ছদে এক নারীর মুখ, যে কারও নজরকে আকৃষ্ট করতে বাধ্য। বইটি পড়তে গিয়েও বেশ ভালো লেগেছে। বিশেষ করে ঘুষখোর পুলিশ কাশিমের ডায়লগ, এএসপি কায়সার ও তার টিমের চেষ্টা প্রশংসনীয়। স্বপন চাকমার কারণে চাকমা ভাষায় প্রেম নিবেদন করাও শিখে ফেললাম।
পাটখেতে পাওয়া একটি লাশকে কেন্দ্র করে তরুণ লেখক সোহানী শিফার দ্বিতীয় গ্রন্থ থ্রিলার উপন্যাস লাশ নম্বর ৪০৩-এর গল্প এগিয়ে যায়। নানা অনিশ্চয়তার মধ্যে বারবার মামলা সমাধান করতে ব্যর্থ হচ্ছিল এএসপি কায়সার। কোনো প্রমাণ নেই তার হাতে। সে অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। বইটি পড়ে মনে হয়েছে, গল্পের পরিণতি আগে থেকে ধারণা করা প্রায় অসম্ভব।
১৩ জানুয়ারি রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে থ্রিলার উপন্যাস লাশ নম্বর ৪০৩ বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। মোড়ক উন্মোচন করেন কবি ও কথাসাহ্যিত্যিক আনিসুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন এবং যুব উন্নয়ন কার্যক্রমের প্রধান সমন্বয়ক ও লেখক মুনির হাসান, লেখক দন্ত্যস রওশন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার ও প্রথম আলোর হেড অব কালচারাল প্রোগ্রাম কবির বকুল, লাশ নম্বর ৪০৩ বইয়ের লেখক সোহানী শিফাসহ আরও অনেকে।
মোড়ক উন্মোচনের সময় বইটি সাদা কাফনের কাপড় দিয়ে মোড়ানো ছিল, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। কাফনের কাপড় খুলে লাশ নম্বর ৪০৩ বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটির প্রচ্ছদ ও গল্পের প্রশংসা করে কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, এখন মানুষ থ্রিলার গল্প বেশি পছন্দ করছে।
বইটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। প্রচ্ছদের নকশা করেছেন একুশে পদকজয়ী শিল্পী ধ্রুব এষ। আসন্ন অমর একুশে গ্রন্থমেলা ২০২৪-এ ইত্যাদি গ্রন্থ প্রকাশের স্টলে পাওয়া যাবে বইটি। এ ছাড়া অনলাইনে রকমারি ডট কম ও বইফেরীতে পাওয়া যাচ্ছে।
একনজরে
বই: লাশ নম্বর ৪০৩
ক্যাটাগরি: থ্রিলার উপন্যাস
লেখক: সোহানী শিফা
প্রকাশনী: ইত্যাদি গ্রন্থ প্রকাশ
প্রচ্ছদ: ধ্রুব এষ
মূল্য: ২২৫ টাকা
পৃষ্ঠা: ৯৪
অনলাইন: রকমারি ডট কম ও বইফেরী