মা দিবস উপলক্ষে বিশেষ ভাঁজপত্র ‘মমতাময়ী’ প্রকাশ করেছে মিরপুর বন্ধুসভা। ১০ মে দুপুরে মিরপুরের আলফা বাংলা হাইস্কুল মাঠে এটির মোড়ক উন্মোচন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলফা বাংলা হাইস্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘মায়ের প্রতি আমাদের রয়েছে সীমাহীন দায়িত্ব। মা যেমন তাঁর জীবনের সর্বোচ্চ ত্যাগ করে আমাদের সফলতার জন্য চেষ্টা করেন, ঠিক তেমনি আমরা সন্তান হিসেবে মাকে ভালোবাসব, মায়ের প্রতি দায়িত্ববান হব ও যত্ন নেব। মায়ের সুখে–দুঃখে সব সময় পাশে থাকব।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফা বাংলা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আল-মামুন, সিনিয়র শিক্ষক ঝুমা ঘোষ, শামিমা খানুন, প্রশাসনিক কর্মকর্তা মো. হাবিবুল্লাহ্ ও নর্থ সিটি কলেজের শিক্ষক রুবেল হোসেন।
মিরপুর বন্ধুসভার উপদেষ্টা অপূর্ব বড়ুয়া বলেন, ‘মা শাশ্বত চিরন্তন একটি আশ্রয়ের নাম। মা আমাদের প্রথম কথা বলা শেখান। “মা” শব্দটি মনে করিয়ে দেয় অকৃত্রিম স্নেহ, মমতা ও গভীর ভালোবাসার কথা। শুধু একটি নির্দিষ্ট দিনে নয়, মায়েদের প্রতি আমাদের শ্রদ্ধা প্রতিটি দিনের, প্রতিটি মুহূর্তের হোক।’ ভাঁজপত্র নিয়ে তিনি বলেন, ‘“মমতাময়ী”প্রকাশনার মাধ্যমে নতুন লেখক ও কবি সৃষ্টি হবে। লেখালেখির প্রতি তরুণদের আগ্রহ বৃদ্ধি পাবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুল কমিটির সদস্য, অভিভাবক প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থী, স্থানীয় সমাজসেবক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, মিরপুর বন্ধুসভার উপদেষ্টা, কার্যনির্বাহী কমিটির সদস্য ও অন্য বন্ধুরা।
এর আগে স্বাগত বক্তব্য দেন সহসভাপতি যুবাইর বীন আহমদ। শুভেচ্ছা বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার। অনুভূতি ব্যক্ত করেন বইমেলা সম্পাদক সাহিল মন্তাজ, দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান ও বন্ধু তানিয়া হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক স্বদেশ বিশ্বাস।
ভাঁজপত্রে মিরপুর বন্ধুসভার বন্ধুরা ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থীরা লেখা দিয়েছেন। কেউ লিখেছেন মাকে নিয়ে কবিতা, ছড়া, মাকে না–বলা কথা, ভালোবাসার কথা, আবার কেউ কেউ লিখেছেন মাকে নিয়ে অনুভূতি, মায়ের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত, স্মৃতিকথা ও অনুগল্প।
বন্ধুসভার যেসব বন্ধুর মা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাঁদের উদ্দেশে মমতাময়ী ভাঁজপত্রটি উৎসর্গ করা হয়েছে।
দপ্তর সম্পাদক, মিরপুর বন্ধুসভা