মো. আবুল বাশারের ‘জীবন রেখা’ গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন

ময়মনসিংহ নগরীর এশিয়ান সংগীত জাদুঘরে মো. আবুল বাশারের ‘জীবন রেখা’ গল্পগ্রন্থের মোড়ক উন্মোচনছবি: সংগৃহীত

তরুণ লেখক মো. আবুল বাশারের গল্পগ্রন্থ জীবন রেখা সমকালীন সমাজবাস্তবতা, মানুষের জীবনসংগ্রাম, প্রেম–বিরহ ও মানবিক অনুভূতির শিল্পিত প্রকাশ। এটি লেখকের প্রথম গল্পগ্রন্থ। ৭ ফেব্রুয়ারি বিকেলে ময়মনসিংহ নগরীর এশিয়ান সংগীত জাদুঘরে বইটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের গল্প বলার ফেরিওয়ালা বীর মুক্তিযোদ্ধা বিমল পাল, বাংলাদেশ কৃষি ব্যাংকের ময়মনসিংহ আঞ্চলিক ব্যবস্থাপক জামিল আহমেদ, ময়মনসিংহ ডিবেটিং সোসাইটির চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কবি কাব্য সুমী, ময়মনসিংহ বন্ধুসভার সাবেক সভাপতি মোহাম্মদ খালিদ হাসান, বর্তমান সভাপতি মেহেদী হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা ও সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগর সম্পাদক আলী ইউসুফ।

ময়মনসিংহ ডিবেটিং সোসাইটির আয়োজনে এই অনুষ্ঠানে অতিথিরা আশা প্রকাশ করে বলেন, বইটি পাঠকমহলে সমাদৃত হবে। গল্প মানুষের জীবনের ছায়া ও আলো উভয়ই প্রকাশ করে। এই গ্রন্থে এমন গল্প আছে, যা পাঠককে শুধু মনোরঞ্জনই দেয় না, বরং সামাজিক দায়বোধ ও মানবিক উপলব্ধির দিকেও ভাবায়। সাহিত্য সমাজের প্রতিফলন এবং এই বই তা সফলভাবে করেছে।

জীবন রেখা গ্রন্থে ১৫টি গল্প রয়েছে। গল্পগুলো হলো ‘নাইওর’, ‘রিনার সংসার’, ‘অপূরণীয় স্বপ্নের কারখানা’, ‘জীবনপুরের আলো’, ‘অসমাপ্ত প্রেম’, ‘পাঁজরের পাখি’, ‘শিফটের বাইরের শট’, ‘অসমাপ্ত স্বপ্নের প্রতিধ্বনি’, ‘নিঃসঙ্গতার ভিড়ে দু’জন’, ‘ধ্বংসস্তূপের আলো’, ‘পাহাড়’, ‘মেঘ আর ঝিরিপথের দিনলিপি’, ‘করোনার দিনকাল’, ‘ফসলের মাঠে জীবনের ছন্দ’, ‘ভয়ের নগরী এবং বাহাদুরের মাঠ’।

লেখক মো. আবুল বাশার ময়মনসিংহ বন্ধুসভার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন। অতিথিদের উদ্দেশে তরুণ এই লেখক বলেন, ‘প্রথম গ্রন্থের মোড়ক উন্মোচনে আপনাদের উপস্থিতি আমাকে গভীরভাবে আন্দোলিত করেছে। এই ভালোবাসা ও অনুপ্রেরণা আমার আগামী পথচলার শক্তি হয়ে থাকবে।’

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাদ্যসংগীতশিল্পী মুস্তফা পাগলা, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগরের কোষাধ্যক্ষ ফখরুল হাসান, সহসাংগঠনিক সম্পাদক জিয়া রহমান, সদস্য রাজন আহম্মেদ, তারুণ্যের ময়মনসিংহের সভাপতি সোহেল রানা, সদস্য আশিকুর রহমান প্রমুখ।

বন্ধু, ময়মনসিংহ বন্ধুসভা