একটি হাসি কি সত্যিই বদলে দিতে পারে পুরো দিন
প্রতিদিন দুপুরের পর একটা ক্লাস নিতে হয়। দিনের এ সময়ে ক্লান্তি একটু-আধটু ভর করেই। তবু শিক্ষার্থীদের সামনে নিজেকে প্রাণবন্ত করে উপস্থাপন করতে হয়। কখনো রাগ, কখনো হাসি, কখনো আবার দুটোর সমন্বয়ে।
এমন সময় প্রায়ই সাদিয়া দরজার সামনে এসে দাঁড়ায়। প্লে-গ্রুপের শিক্ষার্থী। এক গাল হাসি মুখে নিয়ে যেন ছোট্ট একটি স্ট্যাচু। খেয়াল করেছি, যতক্ষণ না আমি ওর কাছে যাই, গাল দুটো ধরে একটু আদর করি, ততক্ষণ সে একচুলও নড়ে না। ক্লান্ত দুপুরে সেই হাসিটা আমাকে যে কতটা স্বস্তি দেয়, তা ভাষায় বোঝানো কঠিন।
মজা করে জিজ্ঞেস করি, ‘এই বুড়ি, তুমি এত সুন্দর করে হাসো কীভাবে? আমাকে একটু শিখিয়ে দেবে? তোমার হাসিটুকু আমাকে দেবে?’
সাদিয়া তখন আরও জোরে হেসে বলে, ‘নেন!’ তারপর দৌড়ে চলে যায়।
আমরা সবাই জীবনে সুখ খুঁজি। অথচ অনেক সময় ভুলে যাই সুখের সবচেয়ে সহজ প্রকাশ হয়তো একটি আন্তরিক হাসি।
ব্যস্ত শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ কোনো অপরিচিত মানুষের আন্তরিক হাসি চোখে পড়ে। মুহূর্তেই মনটা যেন একটু হালকা হয়ে যায়। জীবনের নানা ব্যস্ততা, চাপ আর দুশ্চিন্তার মধ্যেও একটি হাসি কখনো কখনো আমাদের ভেতরের ক্লান্তিকে দূর করতে পারে। হাসি এমন এক ভাষা, যা পৃথিবীর সব মানুষ বুঝতে পারে।
সবাই সুখ খুঁজি। কেউ খুঁজি সাফল্যে, কেউ সম্পদে, কেউবা প্রিয়জনের সান্নিধ্যে। অথচ সুখের সবচেয়ে সহজ প্রকাশ একটি হাসি। যা প্রায়ই আমাদের চোখ এড়িয়ে যায়। হাসি শুধু আনন্দের বহিঃপ্রকাশ নয়; এটি শরীর ও মনের সুস্থতার সঙ্গেও গভীরভাবে জড়িত।
বিশেষজ্ঞদের মতে, হাসির সময় আমাদের শরীরে এমন কিছু রাসায়নিক উপাদান নিঃসৃত হয়, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে। ফলে উদ্বেগ ও হতাশা কিছুটা হলেও কমে আসে। অনেক সময় কঠিন পরিস্থিতিতেও একটি হাসি আমাদের নতুনভাবে ভাবতে ও সমস্যার মোকাবিলা করতে শক্তি জোগায়।
হাসির সামাজিক গুরুত্বও কম নয়। একটি আন্তরিক হাসি মানুষের মধ্যে দূরত্ব কমায়, সম্পর্ককে উষ্ণ করে এবং যোগাযোগকে সহজ করে তোলে। কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা পরিবার—সব জায়গাতেই হাসিমুখ ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে সহায়ক। একজন হাসিখুশি মানুষকে সাধারণত অন্যরা সহজে গ্রহণ করে এবং তার সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে।
বর্তমান সময়ে প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করলেও ব্যস্ততা ও প্রতিযোগিতা বেড়েছে অনেক। কাজের চাপ, অর্থনৈতিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা উদ্বেগের কারণে মানুষ দিন দিন হাসতে ভুলে যাচ্ছে। অথচ প্রতিদিন কিছু সময় বন্ধুদের সঙ্গে আড্ডা, পরিবারের সঙ্গে গল্প কিংবা মজার কোনো স্মৃতি মনে করা আমাদের মুখে সহজেই হাসি ফুটিয়ে তুলতে পারে।
মনোবিজ্ঞানীরা বলেন, হাসি অনেক সময় সংক্রামক। একজনের হাসি আরেকজনের মুখেও হাসি এনে দেয়। তাই একটি ছোট্ট হাসি শুধু নিজের মনকেই ভালো করে না, আশপাশের মানুষের দিনটাকেও একটু উজ্জ্বল করে তুলতে পারে।
পৃথিবীতে এমন অনেক উপহার আছে, যার জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না। একটি ‘হাসি’ তার মধ্যে অন্যতম। এটি যেমন নিজের মনকে হালকা করে, তেমনি অন্যের দিনটাকেও সুন্দর করে তুলতে পারে। তাই প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও একটু সময় নিয়ে হাসুন। কখনো কখনো একটি হাসিই হতে পারে কারও জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত।
জীবনের সব সমস্যা হয়তো হাসি দিয়ে সমাধান করা যায় না। তবে সমস্যার মুখোমুখি হওয়ার শক্তি বাড়াতে এবং জীবনকে একটু সহজভাবে দেখতে হাসির বিকল্প খুব কম। তাই প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও নিজের জন্য কিছু মুহূর্ত রাখুন। প্রাণ খুলে হাসুন, অন্যকে হাসার সুযোগ দিন। অনেক সময় একটি হাসিই হতে পারে দিনের সবচেয়ে বড় প্রাপ্তি।
হাসুন, সুস্থ থাকুন, প্রাণভরে বাঁচুন।
বন্ধু, ভৈরব বন্ধুসভা