‘পর্যটন শিল্পকে এগিয়ে নিতে গ্রামীণ পর্যটনকে উৎসাহিত করতে হবে’

অতিথিদের সম্মাননা স্মারক প্রদান
ছবি: সংগৃহীত

পর্যটনকে বিকশিত করার জন্য গ্রামীণ পর্যটনকে উৎসাহিত করতে হবে। এতে গ্রামের তরুণ জনগোষ্ঠীর দারিদ্র্যমুক্তির পাশাপাশি পর্যটনের অপার সম্ভাবনা তৈরি হবে। এ ক্ষেত্রে বড় বড় হোটেল ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের সহযোগিতা থাকলে গ্রামীণ পর্যটনসহ দেশের সার্বিক পর্যটনশিল্প বিকশিত হবে। এমন মনে করেন প্রথম আলো বন্ধুসভার সভাপতি উত্তম রায়। প্রথম আলো বন্ধুসভা ইতিমধ্যে গ্রামীণ পর্যটন নিয়ে কাজ শুরু করেছে।

‘ব্যবসায় শিক্ষার মঞ্চে উচ্চারিত হোক হোটেল ও পর্যটন শিল্পের জয়গান’ স্লোগানকে সামনে রেখে ২৮ ও ২৯ অক্টোবর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফেডারেশন অব হসপিটালিটি, ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট (ফোহটেম) এবং বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) যৌথভাবে আয়োজন করে ব্যবসায় শিক্ষা, হোটেল ও পর্যটনশিল্প–বিষয়ক ‘সপ্তম আন্তর্জাতিক বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২২’। আয়োজন সহযোগী হিসেবে ছিল প্রথম আলো বন্ধুসভা, সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড কো-অপারেশন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং জাতীয় বিতর্ক সংগঠন বাংলাদেশ ডিবেট ওয়ারিয়রস।

২৮ অক্টোবর অনুষ্ঠানটির উদ্বোধন, স্কিল ডেভেলপমেন্ট–বিষয়ক কর্মশালা, ক্যারিয়ার প্ল্যানিং সেমিনার, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও উৎসব ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পারমানেন্ট ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। পরদিন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় রাজধানীর একটি হোটেলে। অতিথি ও বিচারক হিসেবে ছিলেন বিভিন্ন করপোরেট ব্যক্তিত্ব, হোটেলিয়ার, শেফ ও পর্যটনবিষয়ক পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

উপস্থিতির একাংশ
ছবি: সংগৃহীত

অনুষ্ঠানের প্রধান আয়োজক বিজিবির সভাপতি এম এ নাহিয়ান বলেন, দেশে ও দেশের বাইরে হোটেল ও পর্যটনশিল্পে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। আর তাই বিজনেস জিনিয়াস বাংলাদেশ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হোটেল ও পর্যটনশিল্পে ক্যারিয়ার গড়ে তোলার ব্যবস্থা করা হবে।

বিজিবির প্রধান উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন বলেন, দেশের শিক্ষার্থীদের বিশ্বব্যাপী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য স্কিল ডেভেলপমেন্টের কোনো বিকল্প নেই। বিজনেস জিনিয়াস বাংলাদেশ দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভেলপমেন্টের ওপর ট্রেনিং, সেমিনার, প্রতিযোগিতা ও উৎসব নিয়মিত আয়োজন করছে।

অনুষ্ঠানের মূল প্রতিযোগিতা বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন কমপিটিশনে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিক্সড আপ টিম এবং আইইউবিএটি ইউনিভার্সিটি। রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি।