কীভাবে মাঠে লবণ চাষ করা হয়
খাবারের স্বাদ উপভোগ করার জন্য লবণের গুরুত্ব অপরিসীম। এটি ছাড়া পৃথিবীর কোনো খাবার পরিপূর্ণ সুস্বাদু হতে পারে না। খাবারের এই গুরুত্বপূর্ণ উপাদানটি উৎপাদনের জন্য রয়েছে নানা ধরনের প্রক্রিয়া। বিস্তর ফাঁকা মাঠে, যেখানে সূর্যের উত্তপ্ত তাপ থাকে, সেখানেই এর উৎপাদন হয়। নানা প্রক্রিয়া ও পদ্ধতির মাধ্যমে চাষিদের অক্লান্ত পরিশ্রমে এটি উৎপাদিত হয়।
প্রতিবছর বর্ষা ও শরৎকালের শেষে এবং হেমন্তকালের শুরুর দিকে দেশের দক্ষিণ-পশ্চিমের উপকূলীয় অঞ্চলগুলোয় উৎপাদনের প্রক্রিয়া শুরু হয়। বিস্তর ফাঁকা মাঠে যেখানে গাছপালা নেই, ছায়া নেই, সূর্যের প্রখর রোদের তাপে মাটি হেঁটে চৌচির হয়ে যায়, সেখানে চারকোনা ছোট ছোট টুকরো ঘরে আল বেঁধে চাষের জন্য উপযোগী করা হয়। তবে চাষিরা মাঠে নামার আগে ব্যবসায়ীরা পূর্ববর্তী বছরগুলোয় গভীর গর্তে সংরক্ষণ করা মজুত উঠিয়ে শহরে বা বাজারের আড়তদারদের কাছে বিক্রি করে থাকে। পরে সেই বিক্রির টাকা দিয়ে চাষিদের মাধ্যমে মাঠে নতুন করে চাষের প্রক্রিয়া শুরু করা হয়।
চাষিরা শরৎকালের শেষের দিকে মাঠে নেমে কাজ শুরু করেন। মাঠকে উপযোগী করতে চারকোনাবিশিষ্ট ছোট ছোট ঘর তৈরি করেন, যেগুলো কখনো দৈর্ঘ্যে ১৪ ফুট, প্রস্থে ৮ ফুট, আবার কখনো দৈর্ঘ্যে ১৮ ফুট আর প্রস্থে ১২ ফুট। সেই ঘরের চারদিকে ১০ থেকে ১২ ইঞ্চির মতো আল বেঁধে চাষের নির্দিষ্ট মাঠ তৈরি করা হয়। এটি পলিথিন কিংবা মাঠের নিজস্ব নিয়ম এবং চাষিদের সুবিধা অনুযায়ী তৈরি করা হয়ে থাকে। এভাবে বিশাল মাঠে একাধিক ছোট-বড় ঘর তৈরি করে প্রথম ধাপের কাজ সম্পন্ন হয়। ছোট-বড় ঘরগুলোর মধ্যে রয়েছে নম্বর ও সারিভিত্তিক মাঠ, যেগুলো ১ নম্বর, ২ নম্বর ও ৩ নম্বর কাঁচা মাঠ নামে পরিচিত। ১ নম্বর মাঠে হাঁটুপানি থাকে, যা কাদায় ভরপুর, তাই এই মাঠে ফসল ফলানো যায় না। ১ নম্বর মাঠের পানি ২ নম্বর মাঠে গিয়ে কিছুটা স্বচ্ছ হয়ে জমা থাকে। এটি আশপাশের মাঠগুলোকে শুকিয়ে ফেটে যাওয়া থেকে রক্ষা করে এবং মসৃণ রাখে। প্রয়োজনে ২ নম্বর মাঠের পানি ছোট ছোট কুয়ার মধ্যে সংরক্ষণ করা হয়, যা উৎপাদনের জন্য বেশ উপযুক্ত হিসেবে বিবেচিত।
অন্যদিকে নির্দিষ্ট মাঠের চারদিকে বাঁধ বা আল তৈরি করে পলিথিন বিছিয়ে দিলেই কাজ সম্পূর্ণ হয় না। মাঠের ভেতরের সব মাটি প্রথমে হালকাভাবে খুঁড়ে ফেলতে হয়। খোঁড়া শেষ হলে মাটিগুলো মাঠের চারপাশে সমানভাবে ছড়িয়ে দিতে হয়। এরপর হালকা পানি ছিটিয়ে মাটিগুলো রোদে শুকিয়ে রাখা হয়। শুকানো শেষ হলে পুরো মাঠ মসৃণ করার জন্য সিমেন্ট বা শক্ত গাছের তৈরি রোলার দিয়ে মাড়িয়ে সমানভাবে প্রশস্ত করা হয়। যতক্ষণ পর্যন্ত মাঠ প্রশস্ত না হয়, ততক্ষণ হালকা পানি দিয়ে মাড়াইয়ের মাধ্যমে মসৃণ করা হয়। সবশেষে মাঠগুলো মসৃণ হয়ে গেলে নির্দিষ্ট মাপ অনুযায়ী কালো রঙের পলিথিন কেটে বিছিয়ে সেখানে লবণাক্ত পানি দেওয়া হয়। সেই পলিথিনে ৩ থেকে ৫ সেন্টিমিটার করে পানি দেওয়া হয়, যা সূর্যের তাপ এবং শীতকালীন উত্তরের হাওয়ায় শুকিয়ে ধীরে ধীরে বাষ্প হয়ে উড়ে যেতে থাকে, আর বাড়তে থাকে পানির ঘনত্ব। এ সময় ঘনত্ব যখন ২৫ থেকে ২৬ ডিগ্রির এককে পৌঁছায়, তখন সোডিয়াম ক্লোরাইডের ক্রিস্টাল জমতে শুরু করে, যা পরে দানায় রূপ নেয়। পলিথিনে প্রথমবার পানি দেওয়ার পর শুকিয়ে গেলে দানাগুলো ছোট হয়ে থাকে, তবে এই ছোট দানার ওপর পলিথিনে হালকা পানি থাকা অবস্থায় আরেক ধাপে সামান্য পানি ছিটালে তা বড় দানায় পরিণত হয়।
মাঠে যে পলিথিন বিছানো হয়, তা কালো রঙেরই হতে হবে। অন্য কোনো পলিথিনে সূর্যের তাপে পানি শুকালেও ফলন হয় খুব কম। আর কালো পলিথিনগুলো হতে হবে শক্ত। হালকা পলিথিন সূর্য আর লবণাক্ততার কারণে সহজে নষ্ট হয়ে যায়। কালো পলিথিন সূর্যের তাপ বেশি শোষণ করে, ফলে পানি দ্রুত বাষ্পীভূত হয় এবং উৎপাদন প্রায় ২৫–৩০ শতাংশ বেড়ে যায়। এ ছাড়া এতে দানাগুলো অনেক বেশি পরিষ্কার ও সাদা হয়। আবার পলিথিনে ছিটানো লবণাক্ত পানি হতে হবে একদম স্বচ্ছ, খালি চোখে দেখলে যেন কুয়ার তলা দেখা যায়। অনেক পানি মাটি, বালু এবং অতিরিক্ত লবণাক্ততার কারণে ঘোলাটে কিংবা লালচে রঙের হয়ে থাকে, যা দিয়ে চাষ করা অসম্ভব।
একসময় চাষের জন্য পানি আনা হতো খাল থেকে। পাম্প মেশিনের সাহায্যে সেই পানি প্রথমে ১ নম্বর মাঠে, সেখান থেকে ২ নম্বর মাঠে, এভাবে ধাপে ধাপে সর্বশেষ ছোট ছোট কুয়ার মধ্যে সংরক্ষণ করা হতো। সেখানে পানি অত্যন্ত স্বচ্ছ ও পরিষ্কার থাকত দীর্ঘদিন। সেখান থেকে মাঠের পলিথিনে ছিটিয়ে চাষ করা হতো।
বর্তমান সময়ে সেই পদ্ধতি অনেকটাই কমে গেছে। এখন বিশাল বিশাল মাঠে বড় বড় ডিপ বা নলকূপের মাধ্যমে ভূগর্ভ থেকে খুব সহজেই লবণাক্ত পানি তোলা হচ্ছে। এ পানি অত্যন্ত স্বচ্ছ, পরিষ্কার এবং বড় দানা উৎপাদনের জন্য বেশ উপযোগী। ভূগর্ভের এসব পানি যেমন সংকট দূর করছে, তেমনি চাষের প্রক্রিয়াকে আরও সহজ করে তুলেছে। যদিও উপকূলীয় অঞ্চলগুলোয় অবাধে নলকূপ বসানোর কারণে সুপেয় পানির সংকট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেকের সচেতন হওয়া জরুরি।
মাঠের পলিথিনে পর্যাপ্ত পানি দিয়ে দু-এক দিন রোদে শুকালে তা ছোট ছোট দানায় পরিণত হয়। পরে সেই দানার ওপর আরেকটু হালকা পানি ছিটিয়ে আরও এক দিন সূর্যের তাপে রাখলে তা বড় বড় দানা হয়ে ওঠে, যা সংরক্ষণ কিংবা বিক্রির উপযোগী। তখন বাঁশের বেতের তৈরি ঝুড়ি দিয়ে এগুলো কুয়োর পাশের স্থানে জমা করে রাখা হয়, যাতে ভেতরে জমে থাকা পানি সরে যায়। এরপর ৫০ কেজি অথবা ১ মণ ওজনের পাটের বস্তায় ভরে দেশের বিভিন্ন স্থানে রিফাইনারি বা প্রক্রিয়াজাতকরণ কারখানায় পাঠানো হয়। মাঠের পলিথিন থেকে তিন-চার দিন পরপর ফসল তোলা শেষে সেখানে পুনরায় পানি দিয়ে একই প্রক্রিয়া চালানো হয়।
এভাবে বাংলা বছরের হেমন্তের শুরু থেকে বৈশাখ মাসের শেষ পর্যন্ত লবণ উৎপাদনের মৌসুম চলে। এ সময় কক্সবাজারের কুতুবদিয়া, চকরিয়া-পেকুয়া, মাতারবাড়ী-মহেশখালী, টেকনাফসহ চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা ও সন্দ্বীপ এবং দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলায় প্রতিবছর হাজার হাজার মেট্রিক টন লবণ উৎপাদিত হয়। এতে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও লবণ রপ্তানি করা সম্ভব হচ্ছে।