মা–বাবাকে সময় দিতে মাইক্রোসফটের চাকরি ছাড়লেন যুবক

ছবি কোলাজ: এআই/বন্ধুসভা

মাইক্রোসফটে ২৩ বছর কাজ করেছেন কেশবন শানমুগাম। প্রতিষ্ঠানটির প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘ এই কর্মজীবন শেষে অবসরের ঘোষণা দিয়েছেন শানমুগাম। তাঁর এই সিদ্ধান্তের পেছনে কারণ, ভারতে থাকা বৃদ্ধ মা–বাবার সঙ্গে আরও বেশি সময় কাটানো।

সম্প্রতি লিংকডইনে দেওয়া এক পোস্টে অবসরের সিদ্ধান্তের কথা জানান তিনি। শানমুগাম লেখেন, এখন থেকে পরিবার ও বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটাতে চান।

তবে মাইক্রোসফট ছেড়ে আসার সিদ্ধান্ত সহজ ছিল না তাঁর জন্য। সেখানে এক্সেল কপাইলট নিয়ে কাজ করতে এবং সহকর্মীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা উপভোগ করতেন তিনি। তারপরও মা–বাবার পাশে থাকার সিদ্ধান্তকেই সঠিক বলে মনে করেছেন।

শানমুগাম লেখেন, ‘এমন একটি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেওয়ায় আমি মাইক্রোসফটের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। অতীতে ও বর্তমানে যাঁরা মাইক্রোসফটে আমার কর্মজীবনকে আনন্দময়, রোমাঞ্চকর ও পরিপূর্ণ করে তুলেছেন, তাঁদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।’

আরও পড়ুন

শানমুগামের এই ঘোষণার পর লিংকডইনে অনেকেই মন্তব্য করেছেন। তাঁদের বেশির ভাগই পেশাগত জীবনের পাশাপাশি পরিবারকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্তের প্রশংসা করেছেন।
একজন লিখেছেন, ‘সম্ভবত জীবনে নেওয়া সেরা সিদ্ধান্তগুলোর একটি এটি।’
আরেকজন লিখেছেন, ‘ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে আমার পরিচয় নেই। কিন্তু মা–বাবাকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্তটি আমার নজর কেড়েছে। আপনার জন্য অনেক শুভকামনা।’

আরেকজন মন্তব্য করেন, ‘যে কাজ এখনো উপভোগ করছেন, তা ছেড়ে আসা সহজ নয়। মা–বাবার সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্য জীবনের নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্তটি সত্যিই অর্থবহ।’
আরেকজন লিখেছেন, ‘এখন হয়তো আপনি বিষয়টি পুরোপুরি বুঝতে পারছেন না। তবে একদিন উপলব্ধি করবেন, এটি আপনার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত ছিল।’