বন্ধুসভার বন্ধনে এক দেশ, এক হৃদয়
বন্ধুত্বের কোনো ভৌগোলিক সীমানা নেই। প্রথম আলো বন্ধুসভা যেন দেশজুড়ে ছড়িয়ে থাকা এক অদৃশ্য সেতুবন্ধ, যেখানে দূরত্ব পেরিয়ে মানুষ যুক্ত হন ভালোবাসা, সম্প্রীতি ও মানবিকতার টানে।
প্রথম আলো বন্ধুসভা শুধু একটি সংগঠন নয়, এটি দেশজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য মানুষের এক বিশাল নেটওয়ার্ক, যেখানে এক শহরের বন্ধু অন্য শহরে গিয়ে খুঁজে পান আপনজন, পরিচিত মুখ আর আন্তরিকতার উষ্ণতা।
এই বন্ধনেরই এক সুন্দর উদাহরণ চট্টগ্রাম বন্ধুসভার বন্ধু সোহেলের উত্তরবঙ্গ ভ্রমণ। ভ্রমণের অংশ হিসেবে রাজশাহীতে এসে তিনি আমাদের সঙ্গে আড্ডায় মিলিত হয়েছেন। দুই শহরের দুই বন্ধুর এই সাক্ষাৎ আবারও প্রমাণ করল, বন্ধুসভার সম্পর্ক কেবল সাংগঠনিক পরিচয়ে সীমাবদ্ধ নয়; এটি হৃদয়ের সঙ্গে হৃদয়ের সংযোগ।
চট্টগ্রামের সমুদ্রপাড় থেকে পদ্মার তীরের রাজশাহী। মাঝখানে দীর্ঘ পথ, ভিন্ন জনপদ, ভিন্ন জীবনযাত্রা। অথচ বন্ধুসভার বন্ধুত্ব সেই দূরত্বকে অনায়াসেই মুছে দেয়। পরিচয়ের সূত্র ধরে শুরু হওয়া আড্ডা পরিণত হয় অভিজ্ঞতা বিনিময়, স্মৃতিচারণা এবং বন্ধুসভার নানা কর্মকাণ্ড নিয়ে ভাবনার এক আন্তরিক আয়োজনে।
এভাবেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ছে বন্ধুত্বের আলো। বন্ধুসভার এই অদৃশ্য নেটওয়ার্ক মানুষকে শেখায় যে সম্পর্ক গড়তে সব সময় পাশাপাশি থাকা লাগে না; প্রয়োজন আন্তরিকতা, পারস্পরিক শ্রদ্ধা আর ভালো কাজের প্রতি অভিন্ন অঙ্গীকার।
সভাপতি, রাজশাহী বন্ধুসভা