সারা দিন রিল দেখতে হবে, লোক খুঁজছে ভারতীয় প্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত

ঘণ্টার পর ঘণ্টা রিল দেখতে দেখতে বাসায় কখনো বকা খেয়েছেন? ‘সারা দিন ফোন নিয়ে বসে থাকিস, এতে কী হবে?’ এমন কথা অনেকেই শুনেছেন। এবার ভারতের একটি প্রতিষ্ঠান বলছে, এই অভ্যাস দিয়েই চাকরি পাওয়া সম্ভব।

রাজস্থানের উদয়পুরভিত্তিক প্রতিষ্ঠান ইনফ্লিশ দীপাবলির সময় এক অদ্ভুত পদে লোক নিচ্ছে। কাজটি হলো সারা দিন ইনস্টাগ্রামে রিল দেখা এবং কোন কনটেন্ট ট্রেন্ডিংয়ে আছে বা ভাইরাল হচ্ছে, তার খবর জানানো।

‘আমরা একজন ডুমস্ক্রোলার খুঁজছি’
প্রতিষ্ঠানটির কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দিয়েছেন। তাতে এক ব্যক্তি বলেছেন, যাঁরা সত্যিই ইনস্টাগ্রাম ব্যবহার করতে ভালোবাসেন, তাঁদের সেই শখের জন্যই বেতন দিতে চায় প্রতিষ্ঠানটি।

তাঁর ভাষ্য, ‘আমরা এমন একজন ডুমস্ক্রোলার খুঁজছি, যিনি সারা দিন বসে রিল স্ক্রল করবেন এবং ইনস্টাগ্রামে কী ভাইরাল হচ্ছে, তা সবাইকে জানাবেন।’

‘ডুমস্ক্রোলিং’ শব্দটি সাধারণত অনবরত ফোনের পর্দায় আঙুল বুলিয়ে যাওয়ার অভ্যাসকে বোঝায়। সাধারণত এটিকে নেতিবাচক অভ্যাস হিসেবেই দেখা হয়। কিন্তু এখানে সেটিকেই যোগ্যতা হিসেবে ধরা হচ্ছে।

আবেদন করবেন কীভাবে
ভিডিওতে বলা হয়েছে, আগ্রহীরা মন্তব্যের ঘরে ‘Hi’ লিখলে উদয়পুরে থাকা ব্যক্তিরা ইনবক্সে আবেদনের লিংক পাবেন। এ ছাড়া ‘gangsofstartup’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বায়োতে নিয়োগের গুগল ফর্মের লিংক দেওয়া আছে।

ফর্মে আবেদনকারীর নাম, ফোন নম্বর ও ঠিকানা দিতে হবে। এরপর বেছে নিতে হবে, তিনি পূর্ণকালীন চাকরির জন্য আবেদন করছেন, নাকি ইন্টার্নশিপের জন্য। কোন পদে আগ্রহী, সেটিও জানাতে হবে। এ ছাড়া জানাতে হবে বর্তমান বেতন ও প্রত্যাশিত বেতন। ফর্ম জমা দেওয়ার আগে জীবনবৃত্তান্ত (সিভি) আপলোড করতে হবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাছাই করা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে। তবে কত বেতন দেওয়া হবে, তা জানা যায়নি।

আরও পড়ুন

কাজটা কী
ঘটনাটি যতটা মজার শোনায়, কাজটি হয়তো ততটা সহজ নয়। কোন কনটেন্ট কেন ভাইরাল হচ্ছে, কোন ট্রেন্ড আসছে আর কোনটি হারিয়ে যাচ্ছে—এসব বোঝা ও গুছিয়ে জানানোর জন্য নজর ও বিশ্লেষণ দরকার। সামাজিক যোগাযোগমাধ্যমের এই খোঁজখবর এখন বিপণন ও কনটেন্ট তৈরির কাজে বেশ কাজে লাগে।

তাই রিল দেখার অভ্যাসটা কারও কারও জন্য যে একদিন পেশাও হয়ে উঠতে পারে, উদয়পুরের এই বিজ্ঞাপন সেই ইঙ্গিতই দিচ্ছে।