রাস্তার মধ্যেই সামুদ্রিক সিলের ঘুম, থমকে গেল ট্রাফিক

ব্যস্ত সড়কে ঘুমাচ্ছে সামুদ্রিক সিলছবি: লরা এলেন/এএফপি

অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলীয় ভিক্টোরিয়া রাজ্যের সমুদ্রতীরবর্তী ড্রোমানা এলাকার একটি সড়কে গতকাল শুক্রবার এক অদ্ভুত বিড়ম্বনায় পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। হঠাৎই সড়কে এসে ঘুমিয়ে পড়ে একটি সামুদ্রিক সিল। এ কারণে যান চলাচল অন্যদিকে ঘুরিয়ে দিতে হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রথমে কিছু সময়ের জন্য স্থানীয় পুলিশ সিলটির চারপাশে কোন বসিয়ে দেয়, যাতে ঘুমে ব্যাঘাত না ঘটে। পরবর্তী সময়ে বন্য প্রাণী উদ্ধারকারীরা সিলটিকে আবার সমুদ্রসৈকতের দিকে ফিরিয়ে নিয়ে যায় এবং সড়কটি আবার যান চলাচলের জন্য চালু করা হয়।

স্থানীয় লোকজনের কাছে সিলটি ‘স্যামি’ নামে পরিচিত। ঘুমন্ত প্রাণীটিকে প্রথম দেখতে পাওয়া স্থানীয় বাসিন্দা লরা এলেন বলেন, ‘ও যে কোথায় কখন দেখা দেবে, বলা যায় না। সাধারণত সারা দিনই ঘুমায়। রাস্তার ওপর তাকে দেখে হাসি পেয়েছিল। এর আগে তাকে এমন করতে দেখিনি।’

ভিক্টোরিয়ার সমুদ্র উপকূলজুড়ে সিল প্রায়ই দেখা যায়। রাজ্য সরকার জানিয়েছে, তাদের স্পর্শ করা বা খাওয়ানো সাধারণ মানুষের জন্য আইনত নিষিদ্ধ।