স্টিভ জবসের চিঠিসহ বিরল অ্যাপল-১ কম্পিউটারের নিলাম

অ্যাপল-১ কম্পিউটারছবি: বনহামস

১৯৭৬ সালে তৈরি অ্যাপলের প্রথম কম্পিউটারগুলোর একটি এখনো সচল। বিরল এই কম্পিউটার সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে ১১ লাখ ৫০ হাজার ডলারে, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ৯০ লাখ টাকা। কম্পিউটারটির সঙ্গে ছিল অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের সই করা একটি চিঠি এবং আরেক সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকের স্বাক্ষর।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ‘হ্যাটফিল্ড’ অ্যাপল-১ নামে পরিচিত কম্পিউটারটি নিয়ে নিলামে চলে টান টান প্রতিযোগিতা। দুই ক্রেতার মধ্যে ২৮ মিনিট ধরে চলে দর-কষাকষি। শেষ পর্যন্ত সর্বোচ্চ দর দিয়ে কম্পিউটারটি কিনে নেন একজন।

আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান বনহামস জানিয়েছে, বাণিজ্যিকভাবে বিক্রি হওয়া অ্যাপল-১ কম্পিউটারের মধ্যে এটিই সর্বোচ্চ দামে বিক্রির বিশ্ব রেকর্ড গড়েছে।

বনহামসের পরিচালক ইয়ান এলিং বলেন, ‘কম্পিউটারের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন এই হ্যাটফিল্ড অ্যাপল-১-এর বিক্রিতে আমরা আনন্দিত। অ্যাপলের ৫০ বছর পূর্তির বছরে প্রতিষ্ঠানটির প্রথম পণ্যটি নিলামে তোলার সুযোগ পাওয়া ছিল সম্মানের।’

কম্পিউটারে ওজনিয়াকের স্বাক্ষর
কম্পিউটারটির প্রতি সংগ্রাহকদের আগ্রহের বড় কারণ এর ইতিহাস। কম্পিউটারটির মূল সার্কিট বোর্ডে রয়েছে স্টিভ ওজনিয়াকের নিজের হাতে করা স্বাক্ষর। ১৯৭৬ সালে তিনি একাই কম্পিউটারটির হার্ডওয়্যার নকশা তৈরি ও নির্মাণ করেছিলেন। অন্যদিকে স্টিভ জবস তখন তাঁদের নতুন ব্যবসার বাণিজ্যিক দিকটি সামলাচ্ছিলেন।

তবে নিলামে শুধু কম্পিউটারটিই বিক্রি হয়নি। এর সঙ্গে ছিল ১৯৭৮ সালে টাইপ করা স্টিভ জবসের সই করা একটি চিঠি। কম্পিউটারটির প্রথম মালিক ফ্রেড হ্যাটফিল্ডকে লেখা ওই চিঠিতে নতুন মডেল অ্যাপল-২-তে উন্নীত হওয়ার সুযোগের কথা জানানো হয়েছিল।

এ ছাড়া প্যাকেজে ছিল কম্পিউটারটির মূল ব্যবহারবিধি, বিভিন্ন হার্ডওয়্যার যন্ত্রাংশ এবং ‘অ্যাপল-১ ওনার্স ক্লাব’-এর সদস্য হওয়ার জন্য টাইপ করা একটি আমন্ত্রণপত্র। এটি ছিল অ্যাপল-১ কম্পিউটারের মালিকদের নিয়ে গঠিত বিশেষ একটি ক্লাব।

আরও পড়ুন

কম্পিউটারের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক যন্ত্র
অ্যাপল-১-এর সরকারি নিবন্ধনে এই কম্পিউটারটির ক্রমিক নম্বর ৪৮। প্রাথমিক পর্যায়ে তৈরি হওয়া কম্পিউটারগুলোর মধ্যে বর্তমানে টিকে আছে ৭৫টির কম। ফলে সচল অবস্থায় থাকা এই যন্ত্র প্রযুক্তির ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।

অ্যাপল-১ তৈরির শুরুর সময়ের অভিজ্ঞতা নিজের স্মৃতিকথা আইওজ (iWoz) বইয়ে তুলে ধরেছেন স্টিভ ওজনিয়াক। তিনি লিখেছেন, ‘আমি কি–বোর্ডে কয়েকটি বোতাম চাপলাম, আর বিস্ময়ে হতবাক হয়ে গেলাম!’

ওজনিয়াকের ভাষ্য অনুযায়ী, তখন তিনি বুঝতে পারেননি, ১৯৭৫ সালের ২৯ জুন, রোববার, দিনটি কম্পিউটারের ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। সেদিনই প্রথমবারের মতো কেউ কি–বোর্ডে একটি অক্ষর টাইপ করে নিজের সামনেই পর্দায় সেটি দেখতে পেয়েছিলেন।

প্রযুক্তির ইতিহাসে সেই মুহূর্ত ছিল এক গুরুত্বপূর্ণ মাইলফলক। আর সেই ইতিহাসেরই একটি সচল স্মারক আজ বিক্রি হলো কোটি টাকার বেশি দামে।

আরও পড়ুন