মেয়ে থেকে বউ—জীবনের নতুন অধ্যায়ে নিজেকে মানিয়ে নেওয়া

আমি বদলেছি, আর এই বদলের ভেতরেই নতুন করে নিজেকে খুঁজে পেয়েছিছবি: লেখকের সৌজন্যে

বিয়ে প্রতিটি মেয়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আমারও তাই। রেজিস্ট্রিতে স্বাক্ষর করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন মানুষ মা–বাবাকে পাশে রেখেছিলাম। সেদিনের কয়েকটা মুহূর্ত পুরো জীবনটাকেই অন্য এক অধ্যায়ে নিয়ে গেল। জীবনটা সত্যিই একেবারে বদলে গিয়েছে।

বাড়ির আদরের মেয়ে আর কারও ঘরের আদরের বউ—এই দুই পরিচয়ের মাঝে যে কতটা আকাশ–পাতাল পার্থক্য, সেটা বিয়ের পরই সবচেয়ে গভীরভাবে বুঝতে পেরেছি। আগে হয়তো শুধু ভালোবাসা আর যত্নটাই অনুভব করতাম; কিন্তু এখন বুঝি একটা মেয়ের জীবন বদলানো মানে শুধু ঠিকানা বদলানো নয়, তার ভেতরের পুরো পৃথিবীটাই বদলে যাওয়া। বিয়ের পর থেকেই ধীরে ধীরে উপলব্ধি করেছি মা হওয়া, সংসার সামলানো, সবার কথা ভাবা, নিজের ক্লান্তি লুকিয়ে হাসিমুখে সব দায়িত্ব পালন করা—এগুলো কতটা নিঃশব্দ ত্যাগের নাম।

ছোটবেলায় যেসব জিনিস খুব স্বাভাবিক মনে হতো—সময়মতো খাবার তৈরি হওয়া, সবকিছু গোছানো পাওয়া, না বললেও আমার প্রয়োজন বুঝে যাওয়া; আজ বুঝি, এসবের পেছনে ছিল একজন মায়ের অদৃশ্য পরিশ্রম, ভালোবাসা আর নিঃস্বার্থ দায়িত্ববোধ। আজ যখন নিজের নতুন জীবনের প্রতিটা ধাপ পার করছি, বারবার মনে হচ্ছে মা শুধুই একজন মানুষ নন, মা একটা পুরো পৃথিবী। এই নতুন জীবনে এসে শিখেছি ভালোবাসা মানে দায়িত্ব। ভালোবাসা মানে নিজের চাওয়া-পাওয়ার আগে অন্য কারও স্বস্তির কথা ভাবা। ভালোবাসা মানে ক্লান্ত থাকলেও নিজের মানুষগুলোর জন্য দাঁড়িয়ে থাকা। সেদিন শুধু একটা কাগজে স্বাক্ষর করিনি, একটা নতুন জীবনের দায়িত্ব, নতুন পরিচয়, নতুন সম্পর্ক, আর নিজেকে নতুন করে জানার এক যাত্রা শুরু করেছিলাম।

আজও সেই দিনের কথা মনে পড়লে বুকটা কেমন নরম হয়ে যায়। কারণ, ছোটবেলা থেকে যে ঘরটাকে নিজের বলে জেনেছি, সেদিন সেই ঘর ছেড়েছি, একটা নতুন ঘরে ঢুকেছি, আর জীবনের সবচেয়ে বড় সত্যগুলোর মুখোমুখি হয়েছি। এই দিনটা অনেক কিছু শিখিয়েছে; মা–বাবার ভালোবাসার গভীরতা, একজন মেয়ের নীরব পরিবর্তন, আর সংসার নামের শব্দটার ভেতরে লুকিয়ে থাকা হাজারো অনুভূতি।

আজ আমি আগের সেই মানুষটা নেই। আমি বদলেছি, আর এই বদলের ভেতরেই নতুন করে নিজেকে খুঁজে পেয়েছি। তাই বিয়ের দিনটি আমার বড় হয়ে ওঠার দিন।