শিশু অধিকার নিয়ে আন্তর্জাতিক মঞ্চে অহনা

ফারজানা আহমেদ অহনাছবি: অহনার সৌজন্যে

স্কুলজীবন থেকেই স্বেচ্ছাসেবী, সামাজিক–সাংগঠনিক কর্মকাণ্ড ও সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত ফারজানা আহমেদ অহনা। শিল্পকলা, নাটক ও আবৃত্তিচর্চার পাশাপাশি শিশু অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রমেও দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। ২০১৮ সালে ফেনী বন্ধুসভার মাধ্যমে তাঁর স্বেচ্ছাসেবী পথচলা শুরু হয়। এর পর থেকে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

অহনার স্বেচ্ছাসেবী জীবনের উল্লেখযোগ্য অধ্যায় ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ), ফেনী। সংগঠনটির জেলা সভাপতির দায়িত্ব পালনের সময় শিশু অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর প্রতি নির্যাতন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে কাজ করেছেন তিনি। শিশুদের সঙ্গে কাজ করতে গিয়েই তাদের অধিকার, নিরাপত্তা ও মতামতকে গুরুত্ব দেওয়ার বিষয়ে তাঁর বিশেষ আগ্রহ তৈরি হয়।

করোনাকালেও বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে যুক্ত ছিলেন অহনা। টিকাদান কার্যক্রমসহ নানা সামাজিক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।

শিশু অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর প্রতি নির্যাতন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে কাজ করেছেন তিনি
ছবি: অহনার সৌজন্যে

বর্তমানে অহনা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ প্রকল্প ‘স্বাধীনতা’র সঙ্গে যুক্ত রয়েছেন। এ প্রকল্পের আওতায় অনলাইন বুলিং, সাইবার অপরাধ, প্রযুক্তির মাধ্যমে সংঘটিত সহিংসতা ও শিশুদের ডিজিটাল নিরাপত্তা নিয়ে কাজ করছেন তিনি। এসব বিষয়ে প্রশিক্ষণও গ্রহণ করেছেন।

শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে কাজের ধারাবাহিকতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইয়ুথ ডেলিগেট হিসেবে ১৩ থেকে ১৯ নভেম্বর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত গ্লোবাল সেকেন্ড মিনিস্টেরিয়াল কনফারেন্স, স্যাটেলাইট ইভেন্ট ও গ্লোবাল ইয়ুথ সামিটে অংশগ্রহণ করেন অহনা। সম্মেলনের ইয়ুথ ইনোভেশন মার্কেটপ্লেসে তিনি শিশুদের নিয়ে পরিচালিত তাঁর চাইল্ড ভয়েস প্রকল্প উপস্থাপন করেন। সেখানে শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ, অনলাইন বুলিং মোকাবিলা, সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। শিশুদের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে কীভাবে তাদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা যায়, সে বিষয়েও নিজের অভিজ্ঞতা ও ভাবনা আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে উপস্থাপন করেন।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত গ্লোবাল সেকেন্ড মিনিস্টেরিয়াল কনফারেন্স, স্যাটেলাইট ইভেন্ট ও গ্লোবাল ইয়ুথ সামিটে বাংলাদেশের প্রতিনিধিরা
ছবি: অহনার সৌজন্যে

আন্তর্জাতিক এই সম্মেলনে বিশ্বনেতাদের উদ্দেশে অহনার একটি গুরুত্বপূর্ণ বার্তাও তুলে ধরা হয় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিশেষ প্রচারণায়। সেখানে তাঁর আহ্বান ছিল, ‘শিশু ও তরুণদের কথা শুনুন, তাদের মতামতকে গুরুত্ব দিন এবং আপনাদের প্রতিশ্রুতিগুলো বাস্তব পদক্ষেপে রূপান্তর করুন। বাল্যবিবাহ বন্ধ করুন, শিশুদের সব ধরনের সহিংসতা থেকে সুরক্ষা দিন এবং প্রতিটি শিশুর জন্য অনলাইন জগৎকে নিরাপদ করুন।’

শিশু অধিকার নিয়ে অহনার কাজের মূল ক্ষেত্র হচ্ছে বাল্যবিবাহ বন্ধ, শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ, অনলাইন হয়রানি মোকাবিলা ও প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ। ‘চাইল্ড ভয়েস’ প্রকল্পের মাধ্যমে তিনি তরুণদের নিজেদের কথা বলতে উৎসাহিত করছেন। পাশাপাশি অনলাইন নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরি, বাল্যবিবাহের পেছনে থাকা সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং শিশু সুরক্ষায় আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছেন।

গ্লোবাল সেকেন্ড মিনিস্টেরিয়াল কনফারেন্স, স্যাটেলাইট ইভেন্ট ও গ্লোবাল ইয়ুথ সামিটে ইয়ুথ ডেলিগেটরা
ছবি: অহনার সৌজন্যে

অহনা বলেন, শিশুদের নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের মতামতকে উপেক্ষা করার সুযোগ নেই। শিশুদের কথা শুনতে হবে, তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং তাদের নিরাপত্তার বিষয়ে শুধু প্রতিশ্রুতি নয়, কার্যকর উদ্যোগ নিতে হবে।

স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের মধ্য দিয়ে শুরু হওয়া অহনার পথচলা এখন আন্তর্জাতিক পরিসরে শিশু অধিকার নিয়ে কথা বলার সুযোগ তৈরি করেছে। ফেনী থেকে ম্যানিলার আন্তর্জাতিক মঞ্চে পৌঁছানোর এই যাত্রায় তাঁর মূল লক্ষ্য শিশুদের জন্য সহিংসতামুক্ত, নিরাপদ ও সমতাভিত্তিক পৃথিবী গড়ে তোলার প্রচেষ্টায় ভূমিকা রাখা।

বর্তমানে অহনা ফেনী সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি স্বেচ্ছাসেবা, সাংগঠনিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যেতে চান তিনি। তিনি ফেনী বন্ধুসভার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।