ভোরের আলো মাত্র ফুটেছে আর আমরা ফেনী বন্ধুসভার বন্ধুরা উপস্থিত ‘প্রিন্স আওলাদ–৭’ লঞ্চের সামনে। প্রথমবারের মতো প্রথম আলো বন্ধুসভার নৌবিহারে অংশগ্রহণ; তাই কিছুটা ভয় নিয়ে ভেতরে প্রবেশ করলাম। আর ভেতরে প্রবেশ করতেই সিক্ত হলাম বন্ধুদের উষ্ণ ভালোবাসায়। মুহূর্তে ভয় উড়ে গিয়ে আমি যেন এক সাহসী রাজপুত্র। হারিয়ে গেলাম রূপকথার রাজ্যে।
নিজেদের জন্য বরাদ্দ দেওয়া কেবিনে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে জাহাজে ঘোরাঘুরি শুরু। তখনই দেখা পরম কাঙ্ক্ষিত শ্রদ্ধেয় আনিসুল হক স্যারের সঙ্গে। দুরু দুরু বুকে একটা সেলফি তোলার আবদার! বলতে না বলতেই স্যার পাশে দাঁড়িয়ে গেলেন। এরপর টুকটাক আলাপ। স্যারের বিনয়ী আর শান্ত কণ্ঠস্বরে আমি তখন সাহসী মহাপুরুষ! এরপর ধীরে বিভিন্ন বন্ধুসভার বন্ধুদের সাথে আলাপ, আড্ডা আর ভাব বিনিময়।
সারা দিন বিভিন্ন বন্ধুসভার বন্ধুদের নাচে-গানে মুগ্ধ আমি তখন কল্পনার রাজ্যে বিভোর। কীভাবে যে দিনটি শেষ হলো বুঝতেই পারলাম না। সন্ধ্যায় জাহাজ যখন সদরঘাটের সমতলে ধাক্কা দিল তখন আমি কল্পনার রাজ্য থেকে ধপাস করে বাস্তবতায় ফিরলাম!
আবার কবে হবে এমন জলকেলি? আবার কবে সিক্ত হব বন্ধুদের উষ্ণ আলিঙ্গনে? প্রতীক্ষায় রইলাম আগামীর!
সাধারণ সম্পাদক, ফেনী বন্ধুসভা