রেকর্ড ৩২ বার মাউন্ট এভারেস্ট জয়ে নতুন ইতিহাস

রেকর্ড ৩২তম বারের মতো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন ৫৬ বছর বয়সী এক নেপালি শেরপাছবি: পূর্ণিমা শ্রেষ্ঠা/রয়টার্স

রেকর্ড ৩২তম বারের মতো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন ৫৬ বছর বয়সী এক নেপালি শেরপা। গত রোববার তিনি শৃঙ্গের সর্বোচ্চ চূড়া ৮ হাজার ৮৫৯ মিটার (২৯ হাজার ০৩২ ফুট) উচ্চতায় পৌঁছান। এর মধ্য দিয়ে গত বছর গড়া নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রেকর্ড গড়া এই অভিজ্ঞ নেপালির নাম কামি রিতা শেরপা। তিনি মূলত পর্বাতরোহীদের গাইড করে মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যান। পাশাপাশি লাখপা (৫২) নামের আরও একজন নারী শেরপা রেকর্ড ১১তম বারের মতো মাউন্ট এভারেস্ট জয় করেছেন; যা নারীদের মধ্যে সবচেয়ে বেশি।

কামি রিতা শেরপার জন্ম নেপালের সোলুখুম্বু জেলার থামে গ্রামে। এই গ্রামেই জন্ম তেনজিং নোরগের। ১৯৫৩ সালে নিউজিল্যান্ডের পর্বতারোহী অ্যাডমন্ড হিলারির সঙ্গে প্রথমবার মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছিলেন তেনজিং নোরগে।

কামি রিতা শেরপা
ছবি: পূর্ণিমা শ্রেষ্ঠা/রয়টার্স

কামি রিতা প্রথমবার এভারেস্ট জয় করেন ১৯৯৪ সালে। এরপর থেকে প্রতিবছরই তিনি চূড়ায় উঠেছেন। কেবল ২০১৪, ২০১৫ ও ২০২০ সালে তিনি চূড়ায় আরোহণ করতে পারেননি। এই তিন বছর বিভিন্ন কারণে এভারেস্ট অভিযান বন্ধ ছিল। কোনো কোনো বছর তিনি দুইবার চূড়ায় আরোহণ করেন।

এ পর্যন্ত আট হাজারের বেশি পর্বতারোহী মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করেছেন। কেউ কেউ একাধিকবার করেছেন। শেরপাদের বাইরে সর্বাধিক ১৯ বার এই শৃঙ্গ জয় করেছেন ব্রিটিশ পর্বতারোহী কেনটন অ্যাডওয়ার্ড কুল। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ বার চূড়ায় আরোহণের রেকর্ড মার্কিন পর্বাতরোহী ডেভ হান ও গ্যারেট ম্যাডিসনের। এর মধ্যে কেনটন অ্যাডওয়ার্ড ও গ্যারেট ম্যাডিসন বর্তমানে মাউন্ট এভারেস্টে রয়েছেন নতুন রেকর্ড গড়ার জন্য।