নয়নের মণি

সিরাজগঞ্জের মানুষের মতোই আমাদের ভালোবাসা—সহজ, আড়ম্বরহীন, কিন্তু গভীরছবি: লেখকের সৌজন্যে

সিরাজগঞ্জে ফাল্গুন আইলে মনটা এমনেই নরম হইয়া যায়। যমুনার দিক থেইকা আসা হাওয়ায় শর্ষে ফুলের গন্ধ, আর বুকের ভেতর জমে ওঠে একধরনের শান্তি। এই সময়টাতে বুঝতেছি—ভালোবাসা মানে শুধু উৎসব নয়, ভালোবাসা মানে প্রতিদিনের ছোট ছোট যত্ন।

বিয়ের বয়স এখনো বেশি না। তবু মনে হয়, এই মানুষটারে আমি বহুদিন ধইরাই চিনতাম। নাম আমার এ এস এম নয়ন খান। আদর কইরা তাঁর নাম রাখছি ‘নয়নের মণি’। এই নামটার ভেতর আমার চোখও আছে, মনও আছে।

সকালে ঘুম থেইকা উঠলেই সে লেবু–চা বানায়। তাঁর হাতের বানানো লেবু–চা যেন একদম স্পেশাল—টক-মিষ্টির ভেতর একটা আলাদা মায়া থাকে। চায়ের কাপ হাতে নিয়ে সে যখন আমার দিকে তাকাইয়া হাসে, তখন বুঝি—সংসার মানে বড় কিছু না, এই রকম নরম মুহূর্তগুলোর যোগফল।

বিকেলের দিকে যমুনার হাওয়া বইলে আমরা চুপচাপ পাশাপাশি বসে থাকি। কথা কম, অনুভূতি বেশি। সিরাজগঞ্জের মানুষের মতোই আমাদের ভালোবাসা—সহজ, আড়ম্বরহীন, কিন্তু গভীর।

বিশ্ব ভালোবাসা দিবস আর পয়লা ফাল্গুন একসঙ্গে এলেও আমার ভালোবাসা কোনো এক দিনের না। আমি শুধু মনে মনে কই—
‘নয়নের মণি, তুই আছিস বলেই আমার জীবন এত শান্ত, এত রঙিন।’

সাবেক সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা