কদম ফুল ছিঁড়ে অজান্তেই বাস্তুতন্ত্রের ক্ষতি করছেন না তো?
ছয় ঋতুর মধ্যে বর্ষা এক অনন্য সৌন্দর্যের আধার। মেঘাচ্ছন্ন আকাশ, টিপটিপ কিংবা ঝুম বৃষ্টি, নদী-খাল-বিলের উচ্ছ্বাস এবং চারপাশের সবুজ প্রকৃতি বর্ষাকে আরও অপরূপ করে। বর্ষার অন্যতম পরিচয় বহন করে কদম ফুল। আষাঢ়ের প্রথম বৃষ্টির সঙ্গে কদমের প্রস্ফুটন শুরু হয় বলেই একে ‘বর্ষার দূত’ বলা হয়। কদম প্রকৃতি, সংস্কৃতি, সাহিত্য, লোকঐতিহ্য এবং জীববৈচিত্র্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এক অনন্য প্রতীক।
কদম ফুলের বৈজ্ঞানিক নাম Neolamarckia cadamba। গোলাকার আকৃতির এই সুগন্ধি ফুলের কেন্দ্রভাগ কমলা বা হলুদ বর্ণের এবং চারদিকে অসংখ্য সাদা সরু কেশর ছড়িয়ে থাকে; যা একে অনন্য সৌন্দর্য দান করে। উদ্ভিদবিজ্ঞানে নীপ, কদম্ব, ভৃঙ্গবল্লভ, মেঘাগমপ্রিয় ও পুলকি নামেও পরিচিত। সংস্কৃত ‘কদম্ব’ শব্দ থেকেই কদম নামের উৎপত্তি।
বৈষ্ণব সাহিত্যে রাধা-কৃষ্ণের প্রেম ও বিরহের সঙ্গে কদমের নিবিড় সম্পর্কের কথা উল্লেখ রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ অসংখ্য কবি-সাহিত্যিক তাঁদের কবিতা, গান ও গল্পে কদমকে বর্ষা, প্রেম, সৌন্দর্য ও আবেগের প্রতীক হিসেবে তুলে ধরেছেন। কদম শুধু প্রকৃতির একটি ফুল নয়; এটি বাঙালির সাংস্কৃতিক পরিচয় ও নান্দনিক চেতনারও এক অবিচ্ছেদ্য অংশ।
কদমের নান্দনিকতাসহ অর্থনৈতিক, ঔষধি ও পরিবেশগত গুরুত্ব রয়েছে। কদম ফুল থেকে ঐতিহ্যবাহী আতর প্রস্তুত করা হয়। এর পাতার রস মুখের ক্ষত নিরাময় ও গার্গল করার কাজে ব্যবহৃত হয়। দ্রুত বর্ধনশীল এই গাছের কাঠ দিয়ে কাগজের কাঁচামাল, দেশলাইয়ের কাঠি এবং বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করা হয়। কদম একদিকে যেমন প্রকৃতির শোভা বৃদ্ধি করে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও অবদান রাখে।
পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কদমগাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি পরিপক্ব কদম ফলে প্রায় আট হাজার পর্যন্ত ক্ষুদ্র বীজ থাকতে পারে। এই ফল পাখি, বাদুড়, কাঠবিড়ালিসহ বিভিন্ন বন্য প্রাণীর অত্যন্ত প্রিয় খাদ্য। বিশেষ করে ভাদ্র মাসে, যখন অধিকাংশ দেশীয় গাছে ফলের সংকট দেখা দেয়, তখন কদম ফল বহু বন্য প্রাণীর অন্যতম প্রধান খাদ্যের উৎস হয়ে ওঠে। এতে শুধু প্রাণীদের খাদ্যসংস্থানই নিশ্চিত হয় না, প্রকৃতির খাদ্যচক্রও সচল থাকে।
এসব প্রাণী ফল খাওয়ার পাশাপাশি কদমের বীজ দূর-দূরান্তে ছড়িয়ে দিয়ে নতুন গাছ জন্মাতেও সহায়তা করে। অর্থাৎ কদমগাছের প্রাকৃতিক বংশবিস্তার ও বনজ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় পাখি ও অন্যান্য বন্য প্রাণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু ফুল ফোটার পরই যদি তা নির্বিচারে ছিঁড়ে ফেলা হয়, তাহলে ফল ধরার সুযোগ থাকে না। ফলে একদিকে প্রাণীরা খাদ্য থেকে বঞ্চিত হয়, অন্যদিকে নতুন কদমগাছ জন্মানোর স্বাভাবিক প্রক্রিয়াও ব্যাহত হয়। একটি কদম ফুল অকারণে ছিঁড়ে ফেলা মানে কেবল ফুলের ক্ষতি নয়; জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ চক্রকে ব্যাহত করা।
বর্তমানে নগরায়ণ, বনভূমি ধ্বংস এবং বিদেশি শৌখিন বৃক্ষ রোপণের প্রবণতার কারণে দেশীয় অনেক গাছের মতো কদমগাছও ক্রমেই কমে যাচ্ছে। একসময় গ্রামবাংলার পথের ধারে, বাড়ির আঙিনায় কিংবা জলাশয়ের পাশে যে কদমগাছ সহজেই দেখা যেত, আজ তা অনেক জায়গায় বিরল। অথচ কদমকে ঘিরে আমাদের সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের যে সমৃদ্ধ ভান্ডার রয়েছে, তা সংরক্ষণের জন্য এই গাছের অস্তিত্ব টিকিয়ে রাখা অত্যন্ত জরুরি।
কদম সংরক্ষণে ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বর্ষাকালে কদমগাছ রোপণ, দেশীয় বৃক্ষ সংরক্ষণ, নির্বিচারে ফুল না ছেঁড়া এবং পরিবেশ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি—এসব উদ্যোগ কদমকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রকৃতিকে ভালোবাসার অর্থ শুধু তার সৌন্দর্য উপভোগ করা নয়; বরং তার স্বাভাবিক জীবনচক্রকে সম্মান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা।
কদম কেবল বর্ষার ফুল নয়; এটি আমাদের প্রকৃতি, ঐতিহ্য, সংস্কৃতি এবং জীববৈচিত্র্যের এক অমূল্য সম্পদ। কদমকে ভালোবাসার সবচেয়ে সুন্দর উপায় হলো তাকে গাছেই ফুটতে দেওয়া, পরিণত হওয়ার সুযোগ দেওয়া এবং আরও বেশি কদমগাছ রোপণ ও সংরক্ষণে এগিয়ে আসা। প্রকৃতিকে রক্ষা করতে পারলেই টিকে থাকবে সৌন্দর্য, জীববৈচিত্র্য এবং বাংলার চিরায়ত ঐতিহ্য।
সাবেক সভাপতি, ময়মনসিংহ বন্ধুসভা