কক্সবাজার সমুদ্রসৈকতে ইফতারে মিলনমেলা

সমুদ্রের ঢেউ আর অস্তগামী সূর্যের সাক্ষী হয়ে সৈকতে ইফতারের এই মিলনমেলা হয়ে উঠেছে কক্সবাজারে রমজানের এক অনন্য অনুষঙ্গছবি: লেখকের সৌজন্যে

অস্তগামী সূর্য, সাগরের গর্জন আর খোলা আকাশের নিচে সারিবদ্ধ বসা মানুষ। পবিত্র রমজানে কক্সবাজার সৈকতে ইফতার এখন ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক অনন্য আয়োজন। সৈকতের বালুচরে প্রতিদিন বিকেলে জমে ওঠে এক ভিন্ন আবহ। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার সঙ্গে সঙ্গে রোজাদারেরা জড়ো হন লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট ও কলাতলী এলাকায়। ছোট ছোট দলে ভাগ হয়ে পরিবার, বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে বসেন ইফতারের অপেক্ষায়।

সমুদ্রের গর্জন আর বাতাসের মধ্যে ইফতার করার অভিজ্ঞতা অনেকের কাছে বিশেষ। অংশগ্রহণকারীরা জানান, প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একসঙ্গে ইফতার করলে ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়। ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে খোলা আকাশের নিচে বসে ইফতার ভাগাভাগি করার এই আয়োজন যেন আত্মিক প্রশান্তিকে আরও গভীর করে।

ইফতারের পর অনেকে সৈকতেই নামাজ আদায় করেন। আয়োজন শেষে বালুচর পরিষ্কার রেখে ঘরে ফেরেন।

সব মিলিয়ে সমুদ্রের ঢেউ আর অস্তগামী সূর্যের সাক্ষী হয়ে সৈকতে ইফতারের এই মিলনমেলা হয়ে উঠেছে কক্সবাজারে রমজানের এক অনন্য অনুষঙ্গ; যেখানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে মিশে আছে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিকতার উজ্জ্বল প্রকাশ।

সভাপতি, কক্সবাজার বন্ধুসভা