‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার উদ্যোগে ক্ষুদ্র জাতিসত্তার মাহাতোদের কুড়মালি পাঠশালায় বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়েছে।
২ আগস্ট শুক্রবার বৃষ্টির দিনে বেলা ১১টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আটঘরিয়া গ্রামে পাঠশালা চত্বরে এ আয়োজন করা হয়। এ সময় দেড় শতাধিক ঔষধি, ফলদ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। যেখানে ছিল অর্জুন, নিম, শিশু, রেইনট্রি, আমলকী, মেহগনি, জাম, পেয়ারা, কদবেল, পলাশ, কৃষ্ণচূড়াসহ বিভিন্ন গাছের চারা, যা রোপণের পাশাপাশি পাঠশালার অর্ধশতাধিক শিক্ষার্থীর প্রত্যেকের হাতে একটি করে তুলে দেওয়া হয়।
বৃক্ষরোপণের কৌশল, প্রয়োজনীয়তা ও উপকারিতা সম্পর্কে আলোচনা করেন প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি ও কুড়মালি ভাষার লেখক ও গবেষক উজ্জ্বল কুমার মাহাতো। তিনি বলেন, বৃষ্টি হচ্ছে বৃক্ষরোপণের উপযুক্ত সময়। আমরা বৃক্ষরোপণের মতোই গুরুত্ব সহকারে এসব গাছের চারার পরিচর্যা করব।
প্রথম দফায় বৃক্ষরোপণের এ আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা আদিবাসী বহুমুখী উন্নয়ন সংস্থার সভাপতি অখিল চন্দ্র মাহাতো, মিসাবের সাধারণ সম্পাদক চঞ্চল কুমার মাহাতো, প্রবীণ ঝুমুরশিল্পী উপেন্দ্র নাথ মাহাতো, বন্ধুসভার সহসাংগঠনিক সম্পাদক দুর্জয় কুমার মাহাতো, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক বিজয় কুমার মাহাতো, পরিমল কুমার মাহাতো প্রমুখ।