৬ ফেব্রুয়ারি শুক্রবার ঋতুর রঙিন ছোঁয়া, পিঠার সুগন্ধ আর শিক্ষার্থীদের হাসি—সব মিলেমিশে উৎসবের কেন্দ্রে পরিণত হয় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের বাদামতলা প্রাঙ্গণে এডাস্ট বন্ধুসভা আয়োজন করে ‘ঋতু উৎসব-১৪৩২', যেখানে সংস্কৃতি, সৃজনশীলতা আর বন্ধুত্বের বার্তায় শিক্ষার্থীদের মনে ছড়িয়ে পড়ে আনন্দের ছোঁয়া।
ভাপা, চিতইসহ বাংলার নানা পিঠার স্বাদ, ফুচকা ও চায়ের স্টল, রঙিন কাপড়ের প্রদর্শনী-সবই ছিল উৎসবে। দুপুরের দিকে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। বন্ধুদের নৃত্য, গান ও কবিতা আবৃত্তির ছন্দে পুরো ক্যাম্পাস যেন আনন্দের ঢেউয়ে ভেসে ওঠে। বন্ধুরা জানান, ষড়ঋতুর বৈচিত্র্যময় রূপকে হৃদয়ে ধারণ করে এবং অসাম্প্রদায়িক বাঙালি সংস্কৃতির বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন।
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উৎসবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন, সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল বারী মজুমদার, সদস্যসচিব মো. কামরুজ্জামান লিটু, সদস্য অধ্যাপক মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা আশিকুজ্জামান অভি, সভাপতি জাফর সাদিক ও নির্বাহী সভাপতি ফরহাদ হোসেন মল্লিকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা।
উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে যেকোনো মহৎ কাজ করা সম্ভব, যেটা বন্ধুসভা প্রতিনিয়ত প্রমাণ করছে।
বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন বলেন, ‘ঋতু উৎসবের মতো এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করে। আশা করি, এডাস্ট বন্ধুসভা তাদের এই সৃষ্টিশীল কর্মকাণ্ডের মাধ্যমে সমাজ পরিবর্তনের অগ্রদূত হিসেবে কাজ করে যাবে।'
সদস্যসচিব মো. কামরুজ্জামান লিটু বলেন, ‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে এমন অনুষ্ঠান প্রশংসনীয়। বন্ধুসভা ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা দেওয়া হবে।’
বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, ‘বন্ধুসভা সব সময় সারা দেশের বন্ধুদের ঐক্যবদ্ধ করার কথা বলে। বন্ধুদের সৃজনশীলতা আর মানবিকতাকে বিকশিত করাই আমাদের লক্ষ্য। এডাস্ট বন্ধুসভা যেভাবে নিজেদের ক্যাম্পাসে সুস্থ সংস্কৃতির চর্চা করছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমরা চাই প্রত্যেক বন্ধু তাঁদের মেধা ও কর্ম দিয়ে সমাজকে আলোকিত করুক।’
জাতীয় পর্ষদের নির্বাহী সভাপতি ফরহাদ হোসেন মল্লিক বলেন, ‘আমরা সারা দেশের বন্ধুদের নিয়ে নেতৃত্বের চর্চা করি। এডাস্ট বন্ধুসভার এই আয়োজন এককথায় চমৎকার।’
উপদেষ্টা, এডাস্ট বন্ধুসভা