আগামীকাল লেখক বন্ধু উৎসব
সারা দেশের বন্ধুসভার অসংখ্য বন্ধু নিয়মিত লেখালেখি করেন। অনেক বন্ধুর গল্প, কবিতা, উপন্যাসসহ নানা বিষয়ে প্রকাশিত বই আছে। অনেকে আবার নিয়মিত বিভিন্ন পত্রিকায় লেখেন। এই লেখক বন্ধুদের লেখার মান উন্নয়ন এবং লেখালেখিতে আরও উৎসাহিত করতে অনুষ্ঠিত হচ্ছে ‘লেখক বন্ধু উৎসব ২০২৩’। বন্ধুসভা জাতীয় পর্ষদের উদ্যোগে প্রথমবারের মতো আগামীকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হবে। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দিনব্যাপী এ উৎসব চলবে।
উৎসবে সারা দেশের নির্বাচিত লেখক বন্ধুরা অংশ নেবেন। লেখালেখির বিষয়ভিত্তিক কর্মশালা ছাড়াও উৎসবে উন্মুক্ত আলোচনা, লেখক বন্ধু আড্ডা ও সেরা ১০ লেখক বন্ধু সম্মাননাসহ নানা চমক থাকবে। কর্মশালায় আলোচক হিসেবে থাকবেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরিফ, ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক, সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টি ফোরের প্রধান বার্তা সম্পাদক, কবি ও লেখক শাহনাজ মুন্নী এবং কথাসাহিত্যিক আফসানা বেগম।
বন্ধুসভার ওয়েবসাইট এবং পাতায় নিয়মিত লেখালেখি করেন কিংবা অন্তত দুটি প্রকাশিত গ্রন্থ আছে, সারা দেশের এমন বন্ধুদের মধ্য থেকে নির্বাচিত অর্ধশতাধিক বন্ধু এ উৎসবে অংশগ্রহণ করবেন।
উৎসব বিষয়ে জাতীয় পর্ষদের সভাপতি উত্তম রায় বলেন, ‘বন্ধুদের মধ্যে লেখালেখির অভ্যাসটাকে উৎসাহিত করাই এই উৎসবের মূল উদ্দেশ্য। আমরা চাই, বন্ধুসভা থেকে ভবিষ্যতে দেশসেরা লেখক তৈরি হোক।’
জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিক বলেন, ‘পাঠক সংগঠন হিসেবে প্রথম আলো বন্ধুসভার অন্যতম কাজ হচ্ছে পড়া বা পাঠাভ্যাস। আর যাঁরা পড়েন, তাঁরা ভালো লিখতেও জানেন। প্রথম আলো পত্রিকার সঙ্গে বন্ধুসভার যে পাতা আছে, সেখানে অনেকে লেখালেখি করেন, আমাদের বন্ধুসভার ওয়েবসাইটে বন্ধুরা লেখেন। আমরা চেয়েছি, আমাদের বন্ধুদের মধ্যে যারা লেখালেখি করেন, তাদের আরেকটু উৎসাহিত করতে। সেই জায়গা থেকে লেখক বন্ধু উৎসবের আয়োজন। আশা করি, এই উৎসবের মধ্য দিয়ে লেখক বন্ধুদের লেখার মান আরও ভালো হবে। আর যাঁরা এখনো লেখা শুরু করেননি, তবে লেখার ইচ্ছা আছে; তাঁরাও উৎসাহিত হবেন।’
নির্বাহী সভাপতি মৌসুমী মৌ বলেন, ‘লেখক বন্ধু উৎসবে অংশগ্রহণে বিপুল আগ্রহ থাকলেও মূলত বন্ধুসভার লেখক বন্ধুরাই শুধু অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। যদি বন্ধুদের আগ্রহ থাকে, তাহলে ভবিষ্যতেও নিয়মিত এ উৎসবের আয়োজন করব।’